জয়পুরহাটে ঘূর্ণিঝড়, দেয়াল ধসে নিহত ১

আপডেট : ২৪ মে ২০১৫, ১২:৩৫
 
জয়পুরহাটে ঘূর্ণিঝড়ে শিক্ষা প্রতিষ্ঠান  ও ঘড়-বাড়িসহ গাছ পালার ব্যাপক ক্ষতি হয়েছে। এদিকে ঝড়ে শহরের হাড়াইল এলাকায় দেয়াল ধসে একজন নিহত হয়েছেন। এছাড়া তিনজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
 
নিহত ব্যক্তির নাম জাহিদুল ইসলাম (৩৫)। তিনি হাড়াইল এলাকার বসু মিয়ার ছেলে। এছাড়াও হাসেম আলী (৪০), আবুল কালাম আজাদ (৩৫) ও  মৌমিতা (৬) ঝড়ে আহত হয়েছেন। তাদের জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
 
বিভিন্ন এলাকা ঘুরে প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার রাতে ঘূর্ণিঝড়ে জয়পুরহাট কাশিয়াবাড়ী উচ্চ বিদ্যালয়ের ওপর গাছ পড়ে শ্রেণিকক্ষ  ক্ষতিগ্রস্ত হয়েছে। জেলা প্রশাসক, পুলিশ সুপার, সার্কিট হাউজ চত্বর ও জজ কোর্টের শতাধিক গাছ-পালা পড়ে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।
 
ঝড়ের কারণে বিভিন্ন উপজেলার বাড়ি-ঘর  ও গাছ-পালা ক্ষতিগ্রস্ত হয়েছে। রাত একটার পর হতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। পিডিবি’র হিসাব মতে মেইন রোডের ১৩টি বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে গেছে এবং ২৫টির মতো ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়াও পল্লী বিদ্যুতের অনেক খুঁটি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।