সমুদ্র থেকে উদ্ধার হওয়া ২০৮ জনের নাগরিকত্ব যাচাই-বাছাই করার লক্ষ্যে রবিবার সকালে বাংলাদেশের একটি প্রতিনিধি দলের মিয়ানমার যাওয়ার কথা থাকলেও তা অনিশ্চিত হয়ে পড়েছে।
৪২ বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর আবু রাসেল ছিদ্দিকী জানান, বৃহস্পতিবার বঙ্গোপসাগরের মিয়ানমার জলসীমানায় সমুদ্রপথে মালয়েশিয়াগামী ২০৮ জনকে উদ্ধার করে মিয়ানমারের নৌবাহিনী। এর মধ্যে ২০০ জনই বাংলাদেশি বলে জানিয়েছে মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশ (বিজিপি)। তারা বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) একটি চিঠি দিয়ে বিষয়টি অবহিত করেছে।
তারই সূত্র ধরে, সকালে বিজিবির কক্সবাজার সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মো. খালেকুজ্জামানের নেতৃত্বে বাংলাদেশের ১১সদস্যের একটি প্রতিনিধি দলের মিয়ানমার যাওয়ার কথা ছিল। কিন্তু এখনও পর্যন্ত দলটি টেকনাফ স্থলবন্দর জেটিঘাটে অবস্থান করছেন।
বিজিবির পক্ষে থেকে দাবি করেন, মিয়ানমার নৌ-বাহিনীর হাতে উদ্ধার সকলই বাংলাদেশি। তাদের বাংলাদেশের ফেরতের নেয়ার কথা বলেছে মিয়ানমার। কিন্তু বাংলাদেশের পক্ষে যাচাই-বাছাই ছাড়া এদের ফেরত আনতে রাজী নয়। তাই মিয়ানমারকে একটি তালিকা পাঠানোর কথা বলেছে বিজিবি। তালিকা হাতে পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
