সোমবার ভোর ৬টা থেকে রাজশাহী বিভাগে পরিবহন শ্রমিকদের কর্মবিরতির ঘোষণা দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশ, রাজশাহী বিভাগীয় আঞ্চলিক কমিটি।
পরিবহন শ্রমিকদের কর্মবিরতির ফলে সোমবার থেকে পুরো বিভাগে সব ধরনের পরিবহন চলাচল বন্ধ থাকবে। এর ফলে রংপুর বিভাগের সাথে রাজাধানীর সড়ক যোগাযোগও বন্ধ হয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে।
রাজধানীর তিতুমীর কলেজ ছাত্রলীগ নেতাকর্মী কর্তৃক মহাখালীতে শাহ ফতেহ আলী পরিবহনের বাস ভাংচুর ও চালক-হেলপারকে মারপিট করার ঘটনায় প্রতিবাদসহ ১৮মে মধুখালীতে সোহাগ পরিবহনে ডাকাতির ঘটনায় পুলিশ কর্তৃক চালক ও হেলপারকে আটক করে নির্যাতন করার প্রতিবাদসহ শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে এই কর্মসূচির ডাক দেয়া হয়েছে।
শনিবার বিকেলে বগুড়া প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে ফেডারেশনের রাজশাহী বিভাগীয় কমিটির সভাপতি ও বগুড়া মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল লতিফ মন্ডল এই কর্মবিরতি পালনের কর্মসূচি ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে রাজশাহী বিভাগীয় কমিটির সহ-সভাপতি কামরুল মোর্শেদ আপেল জানান, সোমবার ভোর ৬টা থেকে রাজশাহী বিভাগের সকল রটে পরিবহন শ্রমিকরা কর্মবিরতি পালন করবেন। একারনে কোন ধরনের যানবাহন চলাচল করবেনা। দাবি না মানা পর্যন্ত এই কর্মবিরতি অব্যাহত থাকবে। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে বিভাগীয় কমিটির সহ-সভাপতি আব্দুর মান্নান, জহুরুল ইসলাম সওদাগর , যুগ্ম সম্পাদক আলালুদ্দিন , সদস্য আনিছার রহমান ছাড়াও জেলা মোটর শ্রমিক ইউনিয়ন ও ট্রাক শ্রমিক ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক পরিবহন শ্রমিক উপস্থিত ছিলেন।
