টঙ্গীতে ছাত্রলীগ কর্মীকে ছুরিকাঘাতে হত্যা

আপডেট : ০৩ মার্চ ২০১৯, ০০:২০

গাজীপুরের টঙ্গীতে পূর্ব শত্রুতার জেরে স্থানীয় ছাত্রলীগ কর্মী প্রিন্স মাহমুদ নাহিদকে (২৫) ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার দিবাগত রাত সাড়ে আটটার দিকে টঙ্গীর পূর্ব থানাধীন ভরান মুন্সিপাড়া রোড এলাকায় এ ঘটনা ঘটে। নাহিদ টঙ্গী পূর্ব থানাধীন দত্তপাড়া এলাকার জহিরুল ইসলামের ছেলে। তিনি স্থানীয় ওয়ার্ড ছাত্রলীগের সদস্য ছিলেন।

টঙ্গী পূর্ব থানার ওসি কামাল হোসেন জানান, ক্রিকেট খেলাকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় নাহিদকে প্রতিপক্ষের যুবকরা ছুরিকাঘাত করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে টঙ্গী আহসানউল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে এবং পরে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেয়া হলে ওই হাসপাতালের চিকিত্সকরা রাতেই তাকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ গিয়ে ওই হাসপাতাল থেকে নাহিদের মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল মর্গে পাঠায়।

এদিকে নিহত নাহিদের বড়ভাই জুয়েল মাহমুদ পারভেজ জানান, নাহিদ টঙ্গী দত্তপাড়া এলাকার সিরাজউদ্দিন স্কুল অ্যান্ড কলেজের ছাত্র ছিল। শুক্রবার নাহিদ টঙ্গী ভরান এলাকায় তার শ্বশুরবাড়িতে বেড়াতে যায়। স্থানীয় মসজিদে এশার নামাজ শেষে মসজিদ থেকে বের হয়ে শ্বশুরের বাসায় ফেরার পথে পূর্ব শত্রুতার জেরে ১০-১২ জনের একদল দুর্বৃত্ত নাহিদকে ঘিরে ধরে। এক পর্যায়ে তারা নাহিদকে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। তিনি বলেন, ক্রিকেট খেলা নিয়ে বিরোধ নয়, তার ভাইকে পূর্ব পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এ ঘটনায় টঙ্গী থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।