গাজীপুরে ট্রাকে কোমল পানীয়ের সাথে নেশাযুক্ত দ্রব্য খাইয়ে চালকের বিরুদ্ধে এক নারীকে ধর্ষণের অভিযোগ ওঠেছে। রবিবার সকালে অচেতন অবস্থায় নারী ও তার স্বামীকে উদ্ধার করে পথচারীরা গাজীপুর সদর হাসপাতালে ভর্তি করে। তার গ্রামের বাড়ি জামালপুরের দেওয়ানগঞ্জে।
জানা গেছে, ওই নারী (২৮) শনিবার রাতে রাজধানীর ঢাকায় ডাক্তার দেখিয়ে স্বামীর সাথে ট্রাকে করে গাজীপুরের বাসায় ফিরছিলেন। পথিমধ্যে চালক ট্রাক থামিয়ে তাদের ফানটা খাওয়ালে তাদের মধ্যে তন্দ্রাভাব দেখা দেয়। এক পর্যায়ে স্বামী ঘুমিয়ে পড়লে পথে ট্রাক থামিয়ে চালক ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে মুখে কাপড় পেঁচিয়ে মারধর করে নারীকে ধর্ষণ করে। পরে মোবাইল ও টাকা-পয়সা ছিনিয়ে নিয়ে তাদের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরের তেলিপাড়া নামক স্থানে তাদের নামিয়ে দেন। ট্রাক চালকের নাম পরিচয় জানেন না তারা।
হাসপাতালের আরএমও আব্দুস সালাম সরকার জানান, ওই নারী ও তার স্বামী এখনো পুরোপরি স্বাভাবিক হননি। ওই নারী ট্রাক চালক কর্তৃক ধর্ষণের শিকার হয়েছেন বলে দাবি করেছেন। তবে প্রাথমিক ডাক্তারি পরীক্ষায় এধরনের আলামত পাওয়া যায়নি।
জয়রেদবপুর থানার ওসি খন্দকার রেজাউল হাসান রেজা জানান, ট্রাকে নারী ধর্ষণের কোন অভিযোগ তিনি পাননি। নেশা জাতীয় কিছু খাইয়ে স্বামী-স্ত্রীর কাছ থেকে টাকা পয়সা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে বলে শুনেছেন।
