বারডেম হাসপাতালের ১২ তলা থেকে লাফিয়ে পড়ে রোগীর আত্মহত্যা!

আপডেট : ০৩ মার্চ ২০১৯, ০০:২১

রাজধানীর শাহবাগে বারডেম জেনারেল হাসপাতালের ১২ তলার বাথরুমের ভেন্টিলেটর থেকে লাফিয়ে পড়ে এক রোগী আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তার নাম মো. সোহরাব (২০)। গতকাল শনিবার বিকেলে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে সোহরাবের লাশ উদ্ধার করেছে। পরে ময়নাতদন্তের জন্য তার লাশ ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হয়। পুলিশের ধারনা এটি আত্মহত্যা।

জানা গেছে, সোহরাবের বাবার নাম মতিউর রহমান। তাদের বাড়ি নরসিংদী জেলায়। সম্প্রতি সোহরাবের পরিবার তাকে বিয়ে দেওয়ার উদ্যোগ নেয়। কিন্তু বিয়ের আলোচনা শুরু হলে জানা যায় তিনি শারীরিকভাবে অক্ষম। একারণে তাকে গত ২৫ ফেব্রুয়ারি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিত্সার ধারাবাহিকতায় গত ২৮ ফেব্রুয়ারি তার অস্ত্রোপচার হয়। গতকাল হাসপাতালের ১২ তলার বাথরুমে ঢুকে ভেন্টিলেটর দিয়ে নিচে লাফিয়ে পড়েন সোহরাব।

রমনা থানার ওসি কাজী মাইনুল ইসলাম জানান, সোহরাব শারীরিকভাবে বিয়ের জন্য সক্ষম ছিল না। এরমধ্যে তাকে বিয়ে করানোর উদ্যোগ নেওয়ায় তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে। সেকারণে আত্মহত্যা করেছে বলে পরিবারের লোকজন জানিয়েছে। তবে পুলিশ তার মৃত্যুর কারণ নিশ্চিত হতে তথ্য সংগ্রহ করছে এবং তার লাশের ময়নাতদন্ত করতে মর্গে পাঠিয়েছে।