দেশ সেরা রাজশাহী কলেজ ও ঢাকা কমার্স কলেজ

আপডেট : ০৩ মার্চ ২০১৯, ০০:২৩

দেশের ৮৫৭টি অনার্স কলেজের মধ্যে র্যাংকিংয়ে সর্বসেরাসহ মোট ৮৯টি কলেজকে সেরা কলেজ হিসেবে সম্মাননা দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়। সরকারি কলেজের মধ্যে সেরা কলেজের সম্মাননা পেয়েছে রাজশাহী কলেজ। বেসরকারি কলেজের মধ্যে প্রথম হয়েছে ঢাকা কমার্স কলেজ। মহিলা কলেজগুলোর মধ্যে প্রথম হয়েছে লালমাটিয়া মহিলা কলেজ। গতকাল শনিবার রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পারফরমেন্স র্যাংকিং ২০১৬ ও ২০১৭-এর অ্যাওয়ার্ড ও সনদ প্রদান করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

শিক্ষামন্ত্রী বলেন, কলেজগুলোর পারফরমেন্সভিত্তিক র্যাংকিং ব্যবস্থা ইতিবাচক ও সুস্থ প্রতিযোগিতার পরিবেশ তৈরি করবে। পাশাপাশি শিক্ষার গুণগত মান বৃদ্ধিতে সহায়তা করবে। দীপু মনি বলেন, নোটবই আর হ্যান্ড নোটের পরিবর্তে শিক্ষার্থীদের হাতে মৌলিক বই দিতে হবে। শিক্ষকদেরও মৌলিক বই পড়ানোর সামর্থ্য বাড়াতে হবে। বিষয়ভিত্তিক মৌলিক বই রচনার জন্য জাতীয় বিশ্ববিদ্যালয় একটি প্রকল্প গ্রহণ করেছে। এক্ষেত্রে শিক্ষকদের কাছে আমাদের প্রত্যাশা অনেক। উপাচার্য প্রফেসর ড. হারুন-অর-রশিদের সভাপতিত্বে আরো বক্তব্য রাখনে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব মো. সোহরাব হোসাইন, উপ-উপাচার্য ড. মশিউর রহমান, ট্রেজারার অধ্যাপক নোমান-উর-রশীদ, রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল-হোসেন প্রমুখ।