অনলাইনে সেরাদের সেরা

আপডেট : ২৫ মে ২০১৫, ০৩:১৯

আবুল কাশেম বর্তমানে চট্টগ্রামভিত্তিক অনলাইন কোম্পানি এক্সপোনেন্ট ইনফোসিস্টেমের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে কাজ করছেন। এ কোম্পানির অঙ্গপ্রতিষ্ঠান বিডিহাইয়ার ডটকম এবং উইবিল্ডলিংক ডটকমেরও প্রধান ব্যক্তি তিনি। নিজের ব্যবসা পরিচালনার পাশাপাশি ওয়েব টেকনোলজি ও সলিউশন নির্বাচন, ওয়েব স্ট্র্যাটেজি তৈরি ও অনলাইন মার্কেটিং পরামর্শক হিসেবেও কাজ করেন তিনি। তার গল্প শোনাচ্ছেন আহসান রনি

আবুল কাশেম যখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস বিভাগের ছাত্র, তখন তিনিও হয়তো কল্পনা করেননি একদিন অনলাইনই হবে তার কাজের ক্ষেত্র। কিন্তু তিনি কাজ শুরু করেছেন এবং তীব্র অনলাইন প্রীতি ও উদ্যোক্তা হওয়ার নেশা থেকে চট্টগ্রামে থেকেও গড়ে তুলেছেন ব্যবসাসফল তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান এক্সপোনেন্ট ইনফোসিস্টেম। কিন্তু শুরুটা কিভাবে জানতে চাইলে কাশেম জানান, অনলাইনে কাজ করার আগ্রহ থেকেই সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং নিয়ে এপটেক থেকে তিন বছরের অ্যাডভান্স ডিপ্লোমা করেন। কোর্স শেষে কিছুদিন সেখানে শিক্ষকতা করেন। উদ্যোক্তা হওয়ার নেশায় মন বসেনি সেখানে। গ্রামীণ ছেড়ে ২০০২ সালে শুরু করেন ফ্রিল্যান্সিং। পরে চালু করেন একটি সফটওয়্যার তৈরির প্রতিষ্ঠান। স্থানীয় বাজারে বিশেষ করে শিপিং ব্যবসায় জড়িত অনেকগুলো বহুজাতিক প্রতিষ্ঠানের জন্য সফটওয়্যার তৈরিও করেন। একসময় গড়ে তোলেন অনলাইন বিপণন প্রতিষ্ঠান ‘এক্সপোনেন্ট’। প্রথমে একটি ক্ষুদ্র্র উদ্যোগ থাকলেও এখন তার কোম্পানি ইন্টারনেট মার্কেটিং সার্ভিসের পাশাপাশি ওয়েবসাইট তৈরি, পরিচালনা, বিপণনভিত্তিক বিভিন্ন সেবা ও ভিএ সার্ভিস দিয়ে থাকে। তিনি চালু করেন পরামর্শভিত্তিক দুটি সাইট ‘পরামর্শডটকম’ ও ‘এক্সএকাডেমি’। পরামর্শডটকম মূলত পরামর্শভিত্তিক ব্লগ। এখানে যে কেউ নিজের অভিজ্ঞতা ও জ্ঞান অন্যের সঙ্গে বিনিময় করার সুযোগ পান। অন্যদিকে এক্সএকাডেমি হলো ইন্টারনেট বিজনেস তৈরির কোর্স। এক মার্কিনির সঙ্গে যৌথভাবে এক্সএকাডেমি তৈরি করেছেন তিনি। কাশেম বলেন, ‘এ কোর্সের মাধ্যমে অনলাইন উদ্যোক্তারা সহায়তা পাবেন। নিজের ভালো লাগা বা পছন্দের বিষয়ে সাইট তৈরি করে ধীরে ধীরে সফল অনলাইন ব্যবসা তৈরির কৌশল বা উপায় নিয়ে কোর্সটি সাজানো হয়েছে। ফলে শিক্ষার্থীদের পাশাপাশি গৃহিণী, চাকরিজীবী বা অনলাইন পেশাজীবীরা নিজের ব্যবসা চালু করে সফল হতে পারেন।’ কাসেম বাংলাদেশে প্রথম সিমপোডটওআরজি সার্টিফাইড অ্যাডভান্স এসইও/এসইএম বিশেষজ্ঞ। এ ছাড়া বর্তমানে তিনি সফটওয়্যার রপ্তানিকারকদের সংগঠন বেসিসের ওয়েব কনটেন্ট ও ই-মার্কেটিং স্ট্যান্ডিং কমিটির মনোনীত চেয়ারম্যান। নিজের কোম্পানির শুরু স্মৃতি রোমন্থন করে কাশেম বলেন, ‘অর্থনৈতিকভাবে শুরু থেকেই বেশ ভালো অবস্থায় পৌঁছে গিয়েছিলাম। ব্যবসা শুরু করতে কারো কাছ থেকে টাকা নিইনি। শুরু থেকেই একাই ছিলাম। আর পরে দুই বছরে সেটা ৪০ জনের টিমে রূপান্তরিত হয়। শুরুতেই খুব দ্রুত ব্যবসা বাড়তে থাকে। প্রতি ছয় মাস অন্তর অন্তর অফিস পরিবর্তন করতে হচ্ছিল স্থান সংকুলান হচ্ছিল না বলে। বিশ্বের অনেকগুলো বড় ফার্মের সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তি হয়। কিছু না করেও অনেক ভালো সেবা বিক্রি করতে পেরেছি, যা আমার জন্য বড় অর্জন।’ নতুনদের জন্য পরামর্শ দিতে গিয়ে কাশেম বলেন, ‘এটিকে ক্যারিয়ার করার আগে বিস্তারিত ভাবতে হবে। পরে সে অনুযায়ী কাজ শুরু করতে হবে। ধৈর্যের সাথে কাজ করলে সফলতা আসবেই।’