উপজেলা পরিষদ নির্বাচন

নির্বাচনী বিধান মানতে মন্ত্রী এমপিদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী :কাদের

আপডেট : ০৩ মার্চ ২০১৯, ০০:২৩

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে মন্ত্রী-এমপিদের নির্বাচনী আচরণবিধি মেনে চলার নির্দেশ দিয়েছেন। গতকাল শনিবার ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভানেত্রীর ধানমন্ডি রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ তথ্য জানিয়ে বলেন, মন্ত্রী ও দলীয় এমপিরা যেন কোনোভাবেই নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন না করেন, সেই ব্যাপারে কঠোর নির্দেশনা দিয়েছেন দলীয় প্রধান।

উপজেলা পরিষদ নির্বাচনে নৌকার প্রার্থী ও বিদ্রোহী প্রার্থীদের মধ্যে কোনো সংঘাতের আশঙ্কা করছেন কিনা এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে অনেকেরই আশঙ্কা ছিল, কমপিটিশন ওপেন করে দিলে সহিংসতা হবে। কিন্তু একটিও সহিংতার ঘটনা ঘটেনি। সিটি করপোরেশনের ৩৬টি ওয়ার্ডে যে কাউন্সিলর ইলেকশন হয়েছে, সেখানে অনেক প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন। তারপরও কোথাও কোনো সংঘাত ঘটেনি।’ উপজেলা নির্বাচনে বিদ্রোহীদের ক্ষেত্রে কোনো দলীয় সিদ্ধান্ত আছে কি না এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, সিটি করপোরেশনেও ইনিশিয়ালি মনে করেছিলাম, একক প্রার্থী দেবো। কিন্তু সেখানে আমরা ওপেন করে দিয়েছি। আবার উপজেলা নির্বাচনে আমরা ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদ ওপেন করে দিয়েছি। নির্বাচনটা জমজমাট হোক।

সেতুমন্ত্রী বলেন, বিএনপি না চাইলেও তাদের অংশগ্রহণটা কিন্তু গত দু’টি ধাপে বিশেষভাবে লক্ষ্য করেছি। বিএনপির অনেকেই তাদের মনোয়নপত্র জমা দিয়েছেন। কাজেই তাদের বারণ তৃণমূলে শোনেনি। চতুর্থ ধাপে আওয়ামী লীগের কয়েকজন প্রার্থীর বিরুদ্ধে মাদকের মামলা থাকার বিষয়ে ওবায়দুল কাদের বলেন, শুক্রবার যে তালিকা প্রকাশ করেছি, প্রত্যাহারের আগে পর্যন্ত চিঠি পরিবর্তন করার একটা সময় আছে। এই সময়সীমা পর্যন্ত আমরা খোঁজ-খবর নেই।  

সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হোসেন, দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, উপ-দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য এসএম কামাল হোসেন, আমিরুল আলম মিলন, আনোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।