যশোরে গণপিটুনিতে ২ 'ছিনতাইকারী' নিহত

আপডেট : ২৫ মে ২০১৫, ১৪:৪৭


যশোরে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে আল আমিন (২৮) ও ইসমাইল হোসেন (৩৮) নামে দুই যুবক নিহত হয়েছেন। রবিবার দিবাগত মধ্যরাতে যশোর-মাগুরা মহাসড়কের হুদোর মোড় এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত আল আমিন মাগুরার আড়পাড়া গ্রামের আবদুল আজিজের ছেলে। ইসমাইল হোসেন যশোর সদরের নওয়াপাড়া ইউনিয়নের শেখহাটি গ্রামের বিল্লাল হোসেনের ছেলে।

যশোর কোতোয়ালি মডেল থানার ওসি সিকদার আক্কাস আলী জানান, রবিবার রাতে ওই দুইজন ছিনতাইয়ের উদ্দেশ্যে এক মোটরসাইকেল আরোহীকে ধাওয়া করে যশোর-মাগুরা মহাসড়কে নিয়ে যায়। এক পর্যায়ে যশোর-মাগুরা মহাসড়কের হুদোর মোড় এলাকায় দুটি মোটরসাইকেলই নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পড়ে। এ সময় মোটরসাইকেল আরোহী ‘ছিনতাইকারী’ বলে চিৎকার করলে স্থানীয় লোকজন তাদের ধরে গণপিটুনি দেয়। পরে খবর পেয়ে পুলিশ দুজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। এ সময় ডাক্তার তাদের মৃত ঘোষণা করেন।

ওসি আরো জানান, তাদের কাছ থেকে ১টি পিস্তল, ১টি ম্যাগজিন, ২ রাউন্ড গুলি ও ২টি চাকু উদ্ধার করা হয়েছে।