খালেদা জিয়ার বিরুদ্ধে সাক্ষ্য প্রত্যাহারের আবেদন নাকচ

আপডেট : ২৫ মে ২০১৫, ১৪:০৫

 

জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে বাদীর দেয়া সাক্ষ্য প্রত্যাহার করার আবেদন নাকচ করে দিয়েছেন আদালত। আগামী ১৮ জুন মামলার পরবর্তী শুনানি ধার্য করা হয়েছে। সোমবার ঢাকার বিশেষ জজ আদালত-৩ এর বিচারক আবু আহমেদ জমাদার শুনানির এই তারিখ ধার্য করেন।

 
আদালতে খালেদা জিয়ার পক্ষে পৃথক এক আবেদনে মামলার সাক্ষী ও বাদী দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মকর্তা হারুনুর রশিদের জবানবন্দি প্রত্যাহার করার আবেদন জানানো হয়। আদালত আবেদন নাকচ করে দেন।
 
পরে আইনজীবীরা জানান তারা শুনানির সময় বাড়ানোর আবেদন করলে আদালত তা মঞ্জুর করে ১৮ জুন ধার্য করে।

 

এর আগে সকাল ১০টার পরে খালেদা জিয়ার গাড়ি গুলশানের বাসা থেকে বকশিবাজারে আদালতের দিকে রওনা হয়। বেলা বেলা ১১টার কিছুসময় আগে বকশিবাজারে আলিয়া মাদ্রাসা সংলগ্ন আদালতে চত্ত্বরে তার গাড়ি বহর পৌঁছায়।

গত ৫ মে সাক্ষ্যগ্রহণের দিন আদালতে হাজির না থাকায় ২৫ মে খালেদা জিয়াকে হাজির থাকতে নির্দেশ দেয়া হয়।
 
এর আগে দুই মামলায় পরপর কয়েক কার্যদিবস আদালতে না আসায় খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি করা হয়েছিল।