গৌরীপুরে পানীয় জলের সংকট দুর্ভোগে শিক্ষার্থীরা

আপডেট : ২৫ মে ২০১৫, ১৩:৪৪
 
 

স্থাপনের পরপরই বিকল হয়ে যাচ্ছে নলকূপ। অধিকাংশ নলকূপে পানি উঠছে না। পানি উঠলেও আবার দুর্গন্ধযুক্ত। পানির সমস্যায় ভুগছে অর্ধলক্ষ ছাত্র-ছাত্রী। ময়মনসিংহের গৌরীপুরে প্রায় ২ কোটি টাকা ব্যয়ে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নাধীন ১৫২টি প্রাথমিক বিদ্যালয়ে পানি সরবরাহ প্রকল্প সমাপ্তির আগেই বিকল হয়ে পড়ছে নলকূপ!

প্রাথমিক শিক্ষা উন্নয়ন প্রকল্প-৩ এর অর্থায়নে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ব্যবস্থাপনায় উপজেলার ১০টি ইউনিয়নে ১৫২টি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ২ কোটি টাকা ব্যয়ে পানি সরবরাহ প্রকল্পের ঠিকাদার নিযুক্ত করা হয়েছে। কাজ সম্পন্ন করার পূর্বেই ১০/১২টি নলকূপ বিকল হয়ে পড়েছে। শ্যামগঞ্জ বিদ্যালয়, কাউরাটর, নওপাই, গোবিন্দপুর, তাত্রাকান্দা, ঘাটেরকোনাসহ বিভিন্ন বিদ্যালয়ে পানিতে দুর্গন্ধ,  কোথাও পানি উঠে নাসহ নানা সমস্যা রয়েছে।

এ প্রকল্পের অধীনে হাটশিরা, অনন্তগঞ্জ, লক্ষীপুর, বায়ড়াউড়া, হাসনপুর, সাতপাই, বহেড়াতলা, খেলারআলগী, চান্দের সাটিয়া, গজন্দর, কোনাপাড়া, চড়াকোনা, শাহগঞ্জ, শিলিমপুর, খান্দার, খালিজুড়ী, লংক্ষাখলা, ডেকুরা, অচিন্তপুর, খলদবাড়ি, কড়েহা, নহাটা, আহাম্মদপুর, ভূটিয়ারকোনা, কিল্লাতাজপুর, রামকৃষ্ণপুর, বড়ভাগ, বেতান্দর, বোকাইনগর, দারিয়াপুর, নওয়াগাঁও, কাশিয়ারচর, খানপাড়া, ভোলারআলগী, নাওভাঙ্গা, তাঁতড়াকান্দা, মানিয়ারকান্দা, বেলতলী, বালিজুড়ী, জাগরনি পৌর, পশ্চিমভালুকা, বালুয়াপাড়া, শেখ লেবু স্মৃতি, সরযুবালা, নূতনবাজার, সরকারপাড়া, গৌরীপুর পৌর, গোলকপুর, পাছারকান্দা পৌর, প্রমোদবালা, চকপাড়া হেলাল উদ্দিন, তালেব হোসেন, বোরহান উদ্দিন, গৌরীপুর, ইছুলিয়া মোসলেম উদ্দিন, মুখুরিয়া, বিষমপুর, নিজমাওহা, ধারাকান্দি, শেখ কমির উদ্দিন, আব্দুর রহমান, বেতান্দর আদর্শ সংসদ, গুজিখাঁ, বাহাদুরপুর ফিরোজা, পাইসকা, চানপুর, পূর্বকোনারিয়া, বেলেরকান্দা, মুকুল নিকেতন, মুক্তিযোদ্ধা, আব্দুল শেখ মেমোরিয়াল, সৈয়দ আবু সাঈদ, কাউরাট, হাজি আব্দুল জব্বার, মাওহা নয়ানগর, আব্দুল ওয়াহেদ মেমোরিয়াল, উজান কাশিয়ারচরসহ ১৫২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নলকূপ স্থাপন করা হয়েছে।

জনস্বাস্থ্য উপ-প্রকৌশলী আব্দুল মান্নান খান জানান, সমস্যা সমাধানের চেষ্টা করা হচ্ছে। যেসব নলকূপ বিকল হয়ে পড়ছে সেগুলো মেরামত করা হবে।