বিরোধের জেরে প্রাণ গেল গৃহবধূর

আপডেট : ২৫ মে ২০১৫, ১৪:৩৯
 
বসত বাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরে প্রাণ গেল এক গৃহবধূর। নিহতের নাম আরেফা বেগম (৩০)। রবিবার সন্ধ্যা সাতটার দিকে কক্সবাজারের উখিয়ার পন্ডিতপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।
 
জানা গেছে, রশিদ আহমদের স্ত্রী আরেফা বেগম ও প্রতিপক্ষ আলী আকবর সম্পর্কে মামা ভাগিনী। পাশাপাশি বাড়ি হওয়ায় দীর্ঘদিন ধরে তাদের মধ্যে সীমানা নিয়ে বিরোধ চলে আসছিল।
 
রশিদ আহমদ জানান, সন্ধ্যায় প্রতিপক্ষ আলী আকবর, তার ছেলে রিদুয়ান, রিয়াজ আহমদ ও তার মা নুর নাহারসহ কয়েকজন বাড়িতে হামলা চালায়। এসময় তারা হাতুড়ি দিয়ে আরেফার মাথায় আঘাত করলে সে অজ্ঞান হয়ে যায়। তাকে কুতুপালং এমএসএফ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
 
এ ঘটনায় রশিদ আহমদ বাদী হয়ে উখিয়া থানায় একটি এজাহার দায়ের করেছে।
 
উখিয়া থানার অফিসার ইনচার্জ জহিরুল ইসলাম খান জানান, আসামিদের গ্রেফতারের জন্য পুলিশি অভিযান চলছে।