'বন্দুকযুদ্ধে' দুই বনদস্যু গুলিবিদ্ধ, তিন পুলিশ আহত

আপডেট : ২৫ মে ২০১৫, ১৯:৩৭
সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের কাঠেশ্বর এলাকায় পুলিশের সাথে 'বন্দুকযুদ্ধে' বনদস্যু করিম বাহিনীর প্রধান আবদুল করিম ও তার সহযোগী আল আমিন গুলিবিদ্ধ হয়েছেন। এ সময় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে একটি পাইপ গান, গুলি ও কিছু ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। গ্রেফতার করিম ও আল আমিন চাঁদনিমুখার এলাকার বাসিন্দা। 
 
জানা গেছে, রবিবার গভীর রাতে গ্রেফতার ওই দুই বনদস্যুর স্বীকারোক্তি অনুযায়ী পুলিশের একটি দল তাদের নিয়ে সুন্দরবনের খোলপেটুয়া ও চুনা নদীর মধ্যবর্তী কাঠেশ্বর নামক স্থানে একটি আস্তানায় সহযোগীদের গ্রেফতারে অভিযান চালায়। এ সময় উপস্থিতি টের পেয়ে বনদস্যুরা পুলিশকে লক্ষ্য করে ডজনেরও বেশি গুলি ছুড়ে। পুলিশও পাল্টা গুলি চালালে ওই দুই বনদস্যু গুলিবিদ্ধ হন। এ সময় বনদস্যুরা এসআই নাজমুল, এসআই এমরান ও কনস্টেবল সোনা মিয়াকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে ধস্তাধস্তিতে ওই তিন পুলিশ সদস্য আহত হন। বনদস্যুদের কাছ থেকে একটি পাইপ গানসহ বিভিন্ন ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। তিন পুলিশ সদস্যকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে । গুলিবিদ্ধ বনদস্যুদের সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করানো হয়েছে।    
 
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইনামুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতরা জন প্রতি তিন মামলার আসামি। এ ঘটনায়ও করিম ও আল আমিনসহ অজ্ঞাত ১২/ ১৩ জনের বিরুদ্ধে অস্ত্র ও পুলিশের ওপর হামলার অভিযোগে মামলা হয়েছে। 
 
উল্লেখ্য, রবিবার সকালে সাতক্ষীরা রেঞ্জের খলিসাবুনিয়া এলাকা থেকে ওই দুই বনদস্যুকে আটক করে পুলিশে দেয় স্থানীয় জনতা।