আপত্তিকর ছবি তুলে অর্থ আদায়, তরুণী আটক

আপডেট : ২৫ মে ২০১৫, ১৮:০৬
চট্টগ্রামের হালিশহরে এক তরুণীসহ তিন প্রতারককে আটক করেছে পুলিশ। এই চক্রটির বিরুদ্ধে এক ব্যক্তির আপত্তিকর ছবি তুলে টাকা আদায়ের অভিযোগ পাওয়া গেছে।
 
আটককৃতরা হলেন- মনি আক্তার (২৩), রনি (২৮) ও  লিটন (২০)।এদের আটক করার সময় নারীসহ আরো দুই প্রতারক পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ। খুলশী থানার পরিদর্শক সুকান্ত চক্রবর্তী জানান, সোমবার সকালে শান্তিবাগ বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
 
সুকান্ত চক্রবর্তী জানান, প্রতারক কাজল খুলশী এলাকার এক ব্যক্তিকে জায়গা কিনে দেওয়ার কথা বলে রবিবার দুপুরে নগরীর হালিশহরে দেখা করতে বলেন। সেখান থেকে তাকে নিয়ে শান্তিবাগ বসুন্ধরা আবাসিক এলাকায় একটি বাসায় নিয়ে গিয়ে কৌশলে আপত্তিকর ছবি তুলেন। এর পরই এরশাদ ও মাসুদ নিজেদেরকে সাংবাদিক দাবি দুই লাখ টাকা দাবি করে। দাবি অনুযায়ী টাকা না দেয়া হলে ছবি প্রকাশ করে দেয়ার হুমকি দেয় তারা।
 
সেখান থেকেই ওই ব্যক্তি পরিবারের সদস্যদেরকে ঘটনা জানালে পরিবারের সদস্যরা প্রতারক চক্রটিকে ৪০ হাজার টাকা পাঠিয়ে খুলশী থানায় ঘটনাটি জানায়।
 
প্রতারক চক্রটিকে আটক করার জন্য টাকা দেয়ার লোভ দেখিয়ে নগরীর তাসফিয়া কমিউনিটি সেন্টারের সামনে ডাকেন। সেখান থেকেই পুলিশ রনিকে হাতেনাতে ধরে ফেলে। তাকে জিজ্ঞাসাবাদ করে শান্তিবাগ বসুন্ধরা আবাসিক এলাকার ওই বাসার খোঁজ পায় পুলিশ। সেখান থেকে শাহাদাতকে উদ্ধার করে মনি ও লিটনকে আটক করা হয়।