কুষ্টিয়ায় হত্যা মামলায় নারীসহ ৯ জনের যাবজ্জীবন

আপডেট : ২৫ মে ২০১৫, ১৯:৫০
 
 
কুষ্টিয়ার ভেড়ামারার চার বছর বয়সী শিশু আলিফ হত্যা মামলায় এক নারীসহ ৯ আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। 
 
সোমবার দুপুরে কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১-এর বিজ্ঞ বিচারক রেজা মোহাম্মদ আলমঙ্গীর হাসান জনাকীর্ণ আদালতে এ রায় প্রদান করেন। 
 
আদালত সূত্রে জানা যায়, যাব্বজীবন কারাদণ্ড প্রাপ্তরা হলো- ভেড়ামারা উপজেলার মোকারিমপুর ইউনিয়নের বাসিন্দা আক্তার গাজী ওরফে আলতাফ, রিজিয়া খাতুন, ওবাইদুল ওরফে আক্তার ওরফে আজাদ, মিনহাজ, হায়তুল হোসেন, আনোয়ারুল ইসলাম, এনামূল হক, আসাদুল হক ও শাহাবুল হক।
 
মামলার রায়ে বলা হয়, ২০১১ সালের ২ ফেব্রুয়ারি ভেড়ামারা উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের সালেহ আহমেদ শিশিরের চার বছর বয়সী শিশু আলিফ নিখোঁজ হয়। নিখোঁজের সাত দিন পরে পার্শ্ববর্তী মাঠ থেকে আলিফের লাশ উদ্ধার হয়। হত্যাকারীরা তাকে শ্বাসরুদ্ধ করে হত্যা করে। এ ঘটনার পরে ভেড়ামারা থানায় দায়ের হওয়া মামলায় পুলিশ ১২ জনকে বিবাদি করে চার্জশিট দাখিল করে। 
 
মামলাটি সাক্ষ্যপ্রমাণ শেষে আসামিদের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক ৯ আসামির যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড প্রদান করেন। দুই জনকে খালাস প্রদান করা হয়। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ৮ জন  কারাগারে এবং একজন পলাতক রয়েছেন।