ইয়েমেনের যুদ্ধ বন্ধে বৃহস্পতিবার জেনেভায় অনুষ্ঠিতব্য শান্তি আলোচনা স্থগিত করেছে জাতিসংঘ। দেশটিতে লড়াইরত দলগুলো আলোচনায় অংশ নেওয়ার বিষয়ে জটিলতা সৃষ্টি হওয়ায় তা স্থগিত করার কথা জানিয়েছেন জাতিসংঘের এক কর্মকর্তা। বার্তা সংস্থা এএফপিকে তিনি একথা জানান।
জেনেভায় আগামী বৃহস্পতিবার থেকে ইয়েমেন সহিংসতা বন্ধের বিষয়ে আলোচনা শুরু হওয়ার কথা ছিল। কিন্তু এতে দেশটির যুদ্ধরত পক্ষ-বিপক্ষ দলগুলোর উপস্থিতি নিয়ে অনিশ্চয়তা সৃষ্টি হওয়ায় আলোচনা সাময়িকভাবে স্থগিত করা হল। এতে দেশটিতে শান্তি প্রচেষ্টা আরো একবার বিঘ্নিত হল।
গত মার্চ থেকে দেশটিতে সহিংসতায় ২ হাজার মানুষ নিহত হয়েছে। এছাড়া দেশটিতে সংঘর্ষে এ পর্যন্ত ৫ লাখ ৪৫ হাজারের বেশি মানুষ গৃহহীন হয়েছে। আলোচনার টেবিলে প্রতিপক্ষকে বসানোর চেষ্টা যখন কঠিন হয়ে পড়েছে, তখন দেশটির নির্বাসিত প্রেসিডেন্ট আব্দ-রাব্বু মানসুর হাদি বলেছেন, হুতি বিদ্রোহীরা তাদের অধিকৃত এলাকা থেকে সরে না গেলে তিনি আলোচনায় বসবেন না। জাতিসংঘের মহাসচিবকে লেখা এক চিঠিতে একথা বলেন হাদি।
রবিবার সৌদি রাজধানী রিয়াদে ইয়েমেনে নিযুক্ত জাতিসংঘের বিশেষ দূত ইসমাঈল ওদ শেখ আহমেদের সাথে এক বৈঠকে হাদি তার এ অবস্থান পুনর্ব্যাক্ত করেন। সূত্র: আল জাজিরা
