চট্টগ্রামে সংস্কারের নামে ‘নজরুল মঞ্চ’ ভেঙে ফেলছে প্রশাসন

আপডেট : ২৬ মে ২০১৫, ১১:০২

নজরুল জন্মজয়ন্তী উদ্যাপনের আগে নগরীর নজরুল স্কয়ারে (সাবেক ডিসি হিল) ‘নজরুল মঞ্চ’ সংস্কারের নামে উদ্দেশ্যমূলকভাবে ভেঙ্গে দেয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে গতকাল সোমবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে সংস্কৃতি কর্মীদের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

 
মানববন্ধনে বক্তারা বলেন, এবার ব্যাপকভাবে নজরুল জন্মজয়ন্তী পালনের জন্য সরকারের নির্দেশনা থাকলেও চট্টগ্রামের জেলা প্রশাসন নজরুল জন্মজয়ন্তী উদ্যাপনে প্রতিবন্ধকতার সৃষ্টি করেছে। প্রশাসন সংস্কারের নামে সংস্কৃতি কর্মীদের আকাঙ্খাকে ধুলিস্যাত্ করে দিয়েছে। এই ঐতিহ্যবাহী উন্মুক্ত সাংস্কৃতিক অঙ্গনটিকে প্রশাসনের নিয়ন্ত্রণে আনার জন্য নানাবিধ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। জেলা প্রশাসনের এ ধরনের তত্পরতা বন্ধ না হলে সংস্কৃতি কর্মীরা বৃহত্তর প্রতিরোধ গড়ে তুলতে বাধ্য হবে।
 

এতে বক্তব্য রাখেন সম্মিলিত সাংস্কৃতিক জোট চট্টগ্রামের সদস্যসচিব আহমেদ ইকবাল হায়দার, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সভাপতিমণ্ডলীর সদস্য সুচরিত দাশ খোকন, অলোক ঘোষ, প্রদীপ খাস্তগীর, পঞ্চানন চৌধুরী, বিক্রম চৌধুরী, মো. আলী টিটো, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট চট্টগ্রামের সাধারণ সম্পাদক খোরশেদ আলম, দুলাল দাশ, শাহীন চৌধুরী, সজল দাশ, রুচিতা চৌধুরী, দীপংকর দেবনাথ, তাপস শেখর, আজিজ কাজল, অনুপম চৌধুরী, রাজীব বড়ুয়া, কাবুল দত্ত, ইমন চৌধুরী প্রমুখ।