চরফ্যাশনের আছলামপুর ইউনিয়নের মায়ার চর উত্তর আলীগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন ঝুঁকিপূর্ণ হওয়ায় গত দুই বছর ধরে স্কুল মাঠে চলছে শিক্ষার্থীদের পাঠদান। এ কারণে আকাশে মেঘ দেখলেই এখানে ছুটির ঘণ্টা বাজে। বিদ্যালয়ের সামনে মাঠে বেঞ্চ বসিয়ে শিক্ষার্থীদের পাঠদান চলছে। ছাত্র-ছাত্রী অনুপাতে বেঞ্চ না থাকায় এক বেঞ্চে অনেক ছাত্র-ছাত্রী গাদাগাদি করে বসে লেখাপড়া করছে। এতে তাদের পড়ালেখায় দারুণ অসুবিধা হচ্ছে।
ম্যানেজিং কমিটির সভাপতি মো. আলাউদ্দিন জানান, ১৯৮২ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠার পর ১৯৯৪ সালে চার কক্ষের ভবনটি নির্মিত হয়। বর্তমানে ভবনটি পাঠদানের অনুপযোগী এবং ঝুঁকিপূর্ণ। বর্ষার আগে বিকল্প ব্যবস্থা না হলে পাঠদান বন্ধ করা ছাড়া আর কোনো উপায় থাকবে না। এ পর্যন্ত একাধিক আবেদন করেও ভবন নির্মাণে কোনো কূলকিনারা হয়নি।
ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আশুতোষ দাস জানান, ভবনের ছাদ এবং দেয়ালের প্লাস্টার খসে পড়ায় ছাত্র-ছাত্রী এবং শিক্ষকদের জীবনের নিরাপত্তার কথা চিন্তা করে বিগত দুই বছর যাবত্ খোলা মাঠে পাঠদান চলছে। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জালাল আহাম্মদ জানান, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের প্রেরিত পত্রের আলোকে তদন্ত করে বিদ্যালয়টির ভবন নির্মাণ এবং করণীয় বিষয়ে প্রাক্কলনসহ প্রতিবেদন পাঠানো হয়েছিল। কিন্তু এখনও পর্যন্ত কিছু হয়নি।
