টেকনাফে ৩২ হাজার পিস ইয়াবাসহ চারজন আটক

আপডেট : ২৬ মে ২০১৫, ১২:১৫
 
কক্সবাজারের-টেকনাফ সড়কের হোয়াইক্যং এলাকায় ৩২ হাজার পিস  ইয়াবাসহ চারজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার ভোর রাতে তাদের আটক করা হয়। উদ্ধারকৃত ইয়াবার বাজার মূল্য ৯৬ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।
 
আটককৃতরা হলেন- হামিদ হোসেন (২৮), মনসুর আলম (৪৩), শাহজাহান খান (৩০) ও গাড়িচালক মো. নাজমুল (২৯)।
 
টেকনাফ মডেল থানার ওসি মো. আতাউর রহমান খোন্দকার জানান, ভোর রাতে কক্সবাজার-টেকনাফ সড়কের চট্টগ্রামগামী একটি হলুদ রঙ্গের ট্যাক্সিক্যাব পুলিশ ফাঁড়ির সামনে পৌঁছলে সেটি থামানো হয়। পরে তল্লাশি চালিয়ে গাড়িটি জব্দ ও চারজনকে আটক করা হয়। তাদের দেয়া তথ্য অনুযায়ী সিটের নিচ থেকে পলিথিন মোড়ানো একটি ব্যাগ থেকে ৩২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এর বাজারমূল্য ৯৬ লাখ টাকা।
 
তিনি আরো জানান, আটককৃতরা ইয়াবা ব্যবসায়ী। তারা টেকনাফ থেকে ইয়াবা কিনে চট্টগ্রাম ও ঢাকা পাচার করে থাকে। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হবে।