বরগুনা পৌর সুপার মার্কেটে সোমবার রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় দেড় শতাধিক ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন।
সোমবার রাত সোয়া ১০টার দিকে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় সাড়ে তিন ঘণ্টার চেষ্টার পর রাত দেড়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। মার্কেটের একটি দোকানের বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে চাইনিজ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টসহ মোবাইল ফোন, গার্মেন্টেস, ইলেকট্রনিক্স ও স্টেশনারি দোকান রয়েছে। এ ঘটনায় মো. আবুল কাশেম নামে এক ফায়ারম্যানসহ ১৫ জন আহত হয়েছেন। আহতদের প্রাথমিক চিকিত্সা দেয়া হয়েছে।
বরগুনা ফায়ার সার্ভিস স্টেশনের উপ-সহকারী পরিচালক মনোরঞ্জন সরকার জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে আসে। অবস্থা বিবেচনায় নিকটের আমতলী থেকে আরো একটি ইউনিট এসে যৌথভাবে কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
