ঢাকার নবাবগঞ্জ উপজেলায় গুলিবিদ্ধ এক ডাকাতকে দেশীয় অস্ত্রসহ আটক করেছে পুলিশ। সোমবার রাতে উপজেলার সীমান্তবর্তী নিকড়া চক এলাকার আঞ্চলিক সড়ক থেকে তাকে আটক করা হয়। গুলিবিদ্ধ ইবাদ আলী (২৮) বাগেরহাট জেলার মোল্লারহাঁট থানার ঘাঁটভিলা গ্রামের বাসিন্দা।
জানা গেছে, দীর্ঘদিনের অভিযোগ আঞ্চলিক ওই সড়কে সশস্ত্র ডাকাতদল রশি ফেলে মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনের গতিরোধ করে ডাকাতি করে আসছে। সোমবার রাতে পুলিশ মোটরসাইকেলে করে ওই সড়কে সাদা পোশাকে অভিযানে গেলে ৫-৬ জন ডাকাত একই কায়দায় তাদের পথ রোধ করে। এ সময় ডাকাতদল পুলিশের ওপর হামলার চেষ্টা করলে পুলিশ আত্মরক্ষায় কয়েকটি গুলি ছুড়ে। এতে ডাকাত ইবাদ আলী গুলিবিদ্ধ হন ও বাকীরা পালিয়ে যান। পুলিশ ঘটনাস্থল থেকে একটি রামদা ও চাপাতিসহ কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করে। রাতেই তাকে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ইমতিয়াজ মাহবুব জানান, আহতের অবস্থা আশংকাজনক। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা নিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সায়েদুর রহমান জানান, প্রাথমিক চিকিৎসা শেষে রাতেই তাকে জাতীয় অর্থোপেডিক (পঙ্গু) হাসপতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত প্রক্রিয়া চলছে।
