জাতীয় দলের সাবেক ফুটবলার খুন

আপডেট : ২৬ মে ২০১৫, ১৮:৪৮
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নাদিরুজ্জামান খন্দকার (৩২) নামে এক কৃতি ফুটবলারকে সন্ত্রাসীরা চাপাতি দিয়ে নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছে। সোমবার রাতে জেলার পলাশ উপজেলার চর্নগরদী বাজার সংলগ্ন ফুটবল খেলার মাঠে এ ঘটনা ঘটে। নাদিরুজ্জামান জাতীয় ফুটবল দলের সাবেক ফুটবলার এবং আরামবাগ স্পোটিং ক্লাব ও স্থানীয় জি আর সি ফুটবল দলের একজন কৃতি ফুটবলার ছিলেন।
 
প্রত্যক্ষদর্শীরা জানায়, নাদিরুজ্জামানের পিতা কামরুজ্জামানকে তুচ্ছ ঘটনায় সন্ত্রাসী সাইফুল ৭-৮ জন অনুগামী লোকলস্কর নিয়ে মারধর করছিল। এ সময় নাদিরুজ্জামান পিতাকে উদ্ধারে এগিয়ে গেলে সাইফুলসহ অনুগামী লোকজন তার ওপরও হামলা চালায়। এ সময় প্রাণ বাঁচাতে নাদিরুজ্জামান দৌঁড়ে পাশ্ববর্তী ফুটবল খেলার মাঠে গেলে সন্ত্রাসীরা তাকে আটক করে চাপাতি দিয়ে নির্মমভাবে কুপিয়ে রক্তাক্ত জখম করে চলে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে রাত নয়টায় তিনি মারা যান। এ ঘটনায় নিহতের পিতা বাদী হয়ে একটি হত্যা মামলা করেছেন। পুলিশ ঘটনার সাথে জড়িত অভিযোগে সাইফুলকে রাতেই গ্রেফতার করেছে। সাইফুল ঘটনার সাথে জড়িত বলে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছে।
 
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।