শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, দেশের সকল শিল্প-কারখানায় প্রকাশ্যে ধূমপান নিষিদ্ধ করে একটি পরিপত্র জারি করবে মন্ত্রণালয়। তিনি বলেন, এ পরিপত্রে শিল্প-কারখানার যত্রতত্র ধূমপান নিষিদ্ধ করে ধূমপায়ীদের জন্য বাধ্যতামূলকভাবে একটি পৃথক কক্ষ স্থাপনের নির্দেশনা থাকবে। আমরা ধূমপান নিবারণ করি (আধূনিক) এবং ধূমপান মাদক ও সন্ত্রাস বিরোধী জোট (ক্যাট) এর প্রতিনিধি দলের দাবির প্রেক্ষিতে তিনি এ কথা বলেন।
সংগঠন দুটির যৌথ প্রতিনিধিদল শিল্পমন্ত্রীর সাথে বৈঠককালে এ দাবি উত্থাপন করেন। শিল্প মন্ত্রণালয়ে মঙ্গলবার এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে আধূনিকের সভাপতি ও বার্তা সংস্থা ইউএনবি’র চেয়ারম্যান আমানুল্লাহ খান, নির্বাহি সচিব এম এ জব্বার, সমাজ কল্যাণ সম্পাদক ড. নীনা ইসলাম, পুষ্টি বিজ্ঞানী উম্মে সালেমা ও ক্যাটের সভাপতি আলী নিয়ামত উপস্থিত ছিলেন।
