মেয়র লোকমান হত্যাকাণ্ড: অস্ত্র মামলায় ৪ জনের ১৭ বছর কারাদণ্ড

আপডেট : ২৬ মে ২০১৫, ২১:০০
নরসিংদীর মেয়র লোকমান হত্যাকাণ্ডে অস্ত্র মামলায় চার অবৈধ অস্ত্রধারী আসামির প্রত্যেককে ১৭ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। নরসিংদীর বিশেষ ট্রাইবুনাল জজ আদালত-২ এর বিচারক মোহাম্মদ শাহীন উদ্দিন মঙ্গলবার এ কারাদণ্ডের এ আদেশ দেন। দণ্ডপ্রাপ্ত নাজমুল হাসান শরীফ, সারোয়ার হোসেন ও মীর দেলোয়ার হোসেন নরসিংদী কারাগারে বন্দী রয়েছেন। আর আসামি আওলাদ হোসেন ইতিপূর্বে জামিনে মুক্ত হয়ে বর্তমানে পলাতক রয়েছেন।
 
জানা গেছে, ২০১১ সালের ১ নভেম্বর রাতে আসামি নাজমুল হাসান শরীফ অন্যান্য আসামির সহযোগিতায় জেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে ঢুকে চেয়ারে বসা অবস্থায় নরসিংদী পৌরসভার তৎকালীন মেয়র লোকমান হোসেনকে গুলি করে হত্যা করে পালিয়ে যায়। এ ঘটনায় নিহত মেয়র লোকমানের ছোট ভাই বর্তমান মেয়র কামরুজ্জামান কামরুল বাদী হয়ে হত্যা মামলা করলে গোয়েন্দা পুলিশ নাজমুল হাসান শরীফকে গ্রেফতার করে। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী পুলিশ তার কাছে থাকা লোকমান হোসেন হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি বিদেশি অত্যাধুনিক পিস্তল ও গুলি উদ্ধার করে। এবং আসামি আওলাদ হোসেন, সারোয়ার হোসেন সারোয়ার ও মীর দেলোয়ার হোসেন শরীফ নামে আরো তিনজনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামিদের হাত হয়ে পিস্তলটি পর্যায়ক্রমে নাজমুল হাসান শরীফের হাতে যায় এবং পরবর্তীতে শরীফের হাত ঘুরে ওই আসামিদের হাতে যায় বলে আসামিরা পুলিশকে স্বীকারোক্তি প্রদান করে। এ ব্যাপারে গোয়েন্দা পুলিশ বাদী হয়ে তাদের বিরুদ্ধে একটি অস্ত্র মামলা করে। দীর্ঘ তদন্ত শেষে দীর্ঘ শুনানির পর স্বাক্ষ্য প্রমাণের ভিত্তিতে বিচারক এ আদেশ দেন।
 
উল্লেখ্য, এ হত্যাকাণ্ডের মূল মামলার কার্যক্রম বাদী পক্ষের রিভিশনের পরিপ্রেক্ষিতে বর্তমানে হাইকোর্টে স্থগিত রয়েছে।