সন্ত্রাসবাদ মোকাবেলায় অস্ট্রেলিয়ায় নাগরিকত্ব আইন কঠোর হচ্ছে

আপডেট : ২৭ মে ২০১৫, ০২:২৪

সন্ত্রাসবাদ মোকাবেলায় অস্ট্রেলিয়ায় নাগরিকত্ব আইন কঠোর হচ্ছে। দ্বৈত নাগরিকত্ব থাকা কোন অস্ট্রেলীয় ইরাক কিংবা সিরিয়া যুদ্ধে অংশ নিলে তাদের নাগরিকত্ব বাতিলের জন্য শীঘ্রই আইন পাস করবে অস্ট্রেলিয়া সরকার। খবর বিবিসি’র।

 
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী টনি অ্যাবোট মঙ্গলবার ক্যানবেরাতে এক সংবাদ সম্মেলনে বলেন, সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধের অংশ হিসাবেই নতুন আইন করা হচ্ছে। জুনের মধ্যেই বিলটি সংসদে পাস হবে। তিনি বলেন, অন্তত ১০০ জন অস্ট্রেলীয় নাগরিক সন্ত্রাসবাদীদের সাথে যুদ্ধে অংশ নিয়েছে। এর মধ্যে অর্ধেকেরই দ্বৈত নাগরিকত্ব রয়েছে। অস্ট্রেলিয়ার নিরাপত্তা গোয়েন্দা সংগঠনের তথ্যমতে, ১৫০ জনের বেশি মানুষ অস্ট্রেলিয়া থেকে সন্ত্রাসীদের সহায়তা করে যাচ্ছে। এটা আমাদের জাতীয় নিরাপত্তার জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়। জাতীয় নিরাপত্তা ইস্যুতে ইতিমধ্যে ১০০ পাসপোর্ট বাতিল করা হয়েছে।
 
ইরাক কিংবা সিরিয়া যুদ্ধ ফেরত অস্ট্রেলীয়দের নিয়ে উদ্বিগ্ন দেশটির সরকার। নতুন আইনের ফলে অন্তত ৫০ জন যুদ্ধ ফেরত অস্ট্রেলীয় তাদের নাগরিকত্ব হারাতে পারেন। যারা অস্ট্রেলিয়ায় অবস্থান করে সন্ত্রাসবাদের জন্য কাজ করবে তাদেরও এই আইনে বিচার করা হবে। ২০১৪ সাল থেকে বেশ কয়েকজন অস্ট্রেলীয় নাগরিক ইসলামিক স্টেট (আইএসে) যোগ দিতে শুরু করে।