কাশিয়ানীতে চিকিৎসকের চেম্বারে নারীর লাশ উদ্ধার

আপডেট : ২৭ মে ২০১৫, ১৮:২৫
গোপালগঞ্জে চিকিৎসকের চেম্বার থেকে মাজেদা বেগম (৪৫) নামে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে কাশিয়ানী উপজেলার মাজড়া বাজারে গ্রাম্য চিকিৎসক আমিরুল ইসলাম জাফরের চেম্বার থেকে ওই লাশ উদ্ধার করা হয়। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন। মাজেদা বেগম কাশিয়ানী উপজেলার তিতা গ্রামের জাহিদ হায়দারের স্ত্রী।
 
কাশিয়ানী থানার এসআই মোশাররফ হোসেন জানান, আমিরুল ইসলাম উপজেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সাব অ্যাসিসট্যান্ট কর্মকর্তা হিসেবে মাজড়া এলাকায় কর্মরত রয়েছেন। কয়েকদিন আগে মাজেদা বেগম ঢাকা থেকে গ্রামের বাড়িতে বেড়াতে আসেন। প্রতিবেশী চিকিৎসক আমিনুল ইসলামকে মাজেদা টাকা ধার দিয়েছিলেন। মঙ্গলবার রাতের কোন এক সময় পাওনা টাকা চাইতে তিনি চিকিৎসক আমিরুলের চেম্বারে যান। 
 
কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ধর্ষণের পর শ্বাসরোধে তাকে হত্যা করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তে মৃত্যর প্রকৃত কারণ বেরিয়ে আসবে।