জেলার লোহাগড়া উপজেলায় এক কলেজ ছাত্রীকে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মামলা হলেও পুলিশ অপহৃতকে এখনও উদ্ধার করতে পারেনি। অপহৃত ওই ছাত্রী লোহাগড়া সরকারি আদর্শ কলেজের শিক্ষার্থী।
অপহৃতের চাচা জানান, কুমড়ী গ্রামের আশিক শেখ (২২) দীর্ঘদিন ধরে তাকে উত্যক্ত করে আসছিল। তিনি আরো জানান, গত সোমবার রাত সাড়ে আটটার দিকে ওই ছাত্রী প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘর থেকে বের হন। এ সময় আগে থেকে ওঁৎ পেতে থাকা আশিক শেখসহ (২২) ৫/৭ জন ওই ছাত্রীকে অপহরণ করে নিয়ে যায়। ওই রাতেই অপহৃতের স্বজনরা ঘটনাটি থানায় জানালে পুলিশ আশেপাশের এলাকায় অভিযান চালিয়ে অপহৃতের কোন সন্ধান পায়নি।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ লুৎফর রহমান জানান, জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
