বর্তমান চ্যাম্পিয়ন মারিয়া শারাপোভা এবং ১৭ টি গ্রান্ড স্লাম জয়ী রজার ফেদেরার ফ্রেঞ্চ ওপেনের দ্বিতীয় রাউন্ডে বুধবার সহজ জয় পান। মহিলা এককে রুশ কন্যা শারাপোভা তার স্বদেশী ভিতালিয়া দিয়েচেনকোকে ৮১ মিনিটের লড়াইয়ে ৬-৩ ও ৬-১ গেমে হারিয়ে তৃতীয় রাউন্ড নিশ্চিত করেন।
তবে দ্বিতীয় রাউন্ডে মহিলা এককে অঘটনের শিকার হয়েছেন তৃতীয় বাছাই সিমোনে হ্যালেপ। এই রোমানিয়ান তারকাকে ৭-৫ ও ৬-১ গেমে হারিয়ে দেন ক্রোয়েশিয়ার অবাছাই মিরজানা লুসিক বারোনি। তৃতীয় রাউন্ডের টিকিট পেয়েছেন অস্ট্রেলিয়ার সামান্তা স্টসুর। ফ্রান্সের অ্যামান্ডাইন হেসেকে ৬-০ ও ৬-১ গেমে হারিয়ে দেন তিনি।
সুইস তারকা দ্বিতীয় বাছাই ফেদেরার হারিয়েছেন স্পেনের মার্সেল গ্র্যানোলার্সকে, ৬-২, ৭-৬ (৭-১) ও ৬-৩ গেমে। এছাড়া দ্বিতীয় রাউন্ডে জয় পেয়েছেন জাপানের কেই মিশিকোরি ও সুইজারল্যান্ডের স্ট্যানিসলাস ওয়ারিঙ্কা। পঞ্চম বাছাই নিশিকোরি ব্রাজিলের অবাছাই বেলুচ্চিকে ৭-৫, ৬-৪ ও ৬-৪ গেমে হারান। কঠিন লড়াইয়ে ওয়ারিঙ্গা ৬-৩, ৬-৪ ও ৫-৭ ও ৬-৩ গেমে হারান সার্বিয়ার ল্যাজোভিচকে।—বিবিসি
