নাটোরের বড়াইগ্রাম উপজেলার আটাই গ্রামে স্বেচ্ছাশ্রমে প্রায় সাড়ে ৪শ’ ফুট রাস্তা নির্মাণ করেছেন গ্রামবাসী। মঙ্গলবার গ্রামের প্রায় ৪ শতাধিক নারী-পুরুষ কোদাল ও ঢাকি নিয়ে নিজেরা মাটি কেটে রাস্তাটি তৈরি করেন। একইসঙ্গে তারা রাস্তাটি পাকাকরণের জন্য স্থানীয় এমপির কাছে দাবি জানিয়েছেন।
নগর ইউনিয়নের আটাই ও কুরশাইট গ্রামের মাঝখানে মরা বড়াল নদীতে ব্রিজ না থাকায় এ দুটি গ্রাম ছাড়াও আশপাশের দামাইপুর, মিয়াপুর, মল্লিকপুর, বড়দেহা, নগর, খিদরী আটাই ও থানাইখাড়া গ্রামের অর্ধলক্ষাধিক মানুষ উপজেলা সদরের সাথে সরাসরি যোগাযোগে দারুণ দুর্ভোগ পোহাচ্ছিলেন। সম্প্রতি এলজিএসপি প্রকল্পের আওতায় এখানে দুই লাখ ৩ হাজার টাকা ব্যয়ে একটি ইউড্রেন নির্মাণ করা হয়। কিন্তু দুইপাশে প্রায় ৪শ’ ফুট সংযোগ রাস্তা না থাকায় এলাকাবাসী সহজে পারাপারের সুবিধা পাচ্ছিলেন না। তাই ইউনিয়ন চেয়ারম্যান শামসুজ্জোহা ও গ্রামের প্রধানদের উদ্যোগে আটাই গ্রামের প্রায় ৪শ’ নারী-পুরুষ নিজেরা নদী থেকে মাটি কেটে রাস্তাটি নির্মাণ করেন।
মঙ্গলবার সরেজমিনে দেখা গেছে, গ্রামের বাসিন্দারা বিপুল উত্সাহের সঙ্গে রাস্তা তৈরির কাজ করছেন। কেউ মাটি কেটে ঢাকি ভরাট করছেন আর কেউ মাথায় করে সে মাটি বয়ে নিয়ে দুই থেকে ১২ ফুট পর্যন্ত গভীর গর্ত ভরাট করে রাস্তা তৈরি করছেন। পাশেই স্বেচ্ছাশ্রমে মাটি কাটায় ব্যস্ত গ্রামবাসীর জন্য চেয়ারম্যানের দেয়া খাসি আর গ্রামবাসীর দেয়া চাল দিয়ে খিচুড়ি রান্না করা হচ্ছে। কাজে ব্যস্ত মানুষদের হর্ষধ্বনি আর কথা-বার্তায় গোটা গ্রামে উত্সবমুখর পরিবেশ বিরাজ করছে।
আটাই গ্রামের বয়োবৃদ্ধ আব্দুল হাই সরকার ও হাজি নওশের আলী বলেন, এখানে রাস্তা না থাকায় মালামাল বহনসহ চলাচলে দারুণ দুর্ভোগ পোহাতে হতো। চেয়ারম্যান ও গ্রামের লোকজনের উদ্যোগে রাস্তাটি নির্মাণ হওয়ায় আমাদের সীমাহীন উপকার হয়েছে। ইউপি চেয়ারম্যান শামসুজ্জোহা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এখানে নির্মিত রাস্তাসহ কুরশাইট বাজার থেকে মেরিগাছা পর্যন্ত মাত্র তিন কি.মি. রাস্তা পাকা করে দিলে এ এলাকার মানুষের জীবনমান পাল্টে যাবে।
