কক্সবাজারের টেকনাফে পাণ্যবাহী ট্রাক থেকে ১৭ হাজার পিস ইয়াবাসহ ট্রাকের চালক আবদুস শুক্কুরকে (২৫) আটক করেছে বলে দাবি করেছে পুলিশ। আটক চালক টেকনাফ সদর ইউনিয়নের পশ্চিম গোদারবিল এলাকার আবু তাহেরের ছেলে বলে জানায়। এ সময় মাদক পরিবহনের দায়ে ট্রাকটিও জব্দ করা হয়।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান খোন্দকার জানান, গত বুধবার রাতে থানার উপ-পরিদর্শক (এসআই) আলমগীর হোসনের নেতৃত্বে একদল পুলিশ টেকনাফ সদরের কেরুণতলী এলাকায় চট্টগ্রামগামী পানবোঝাই একটি ট্রাকে (চট্রমেট্রো-ট-১১-৪১৬১) তল্লাশি চালিয়ে ১৭ হাজার পিস ইয়াবাসহ চালককে আটক করা হয়।
উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৫১ লাখ টাকা বলে জানানো হয়েছে। আটক চালকের বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়েছে। তবে আইনী ব্যবস্থা গ্রহণ শেষে বৃহস্পতিবার দুপুরে কক্সবাজার আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত।
