যৌক্তিক কারণ ছাড়া কর্মকর্তাদের ছাঁটাই বন্ধে নির্দেশ

আপডেট : ২৮ মে ২০১৫, ২০:১০
 
 
যৌক্তিক কারণ ছাড়া ব্যাংক কর্মকর্তাদের ছাঁটাই বন্ধের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে নির্ধারিত ব্যাংকিং সময়সূচির বাইরে কর্মীদের ব্যাংকে থাকতে বাধ্য না করার জন্যও বলা হয়েছে। বিশেষ করে নারী কর্মীদের সন্ধ্যা ৬টার পর আর না রাখার নির্দেশনা দেয়া হয়েছে। বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংক থেকে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করে ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে।
 
সাম্প্রতিক সময়ে কয়েকটি ব্যাংক কোনো ধরনের কারণ দর্শানো ছাড়াই কর্মকর্তাদের ছাঁটাই শুরু করেছে। আবার অনেক ক্ষেত্রে কোনো কর্মকর্তা অন্য ব্যাংকে যাওয়ার জন্য পদত্যাগপত্র দিলে, তা গ্রহণ না করে তাকে বরখাস্ত করা হচ্ছে। ফলে চাকরি-পরবর্তী সুযোগ-সুবিধা থেকে তারা বঞ্চিত হচ্ছেন। এতে ব্যাংক কর্মকর্তারা এক ধরনের আতঙ্কের মধ্যে চাকরি করছেন। অন্য দিকে, ব্যাংক আওয়ারের (নির্দিষ্ট কর্মঘণ্টা) পরও বাড়তি কাজের জন্য তাদের অনেক বেশি সময় ধরে ব্যাংকে রাখা হয়। আর অনেক সময় নারী কর্মকর্তাদের কোনো কাজের অজুহাতে আটকে রাখায় নানা হয়রানির মতো ঘটনাও ঘটছে বলে কেন্দ্রীয় ব্যাংকের কাছে অভিযোগ এসেছে। এ সব অভিযোগের পরিপ্রেক্ষিতেই বৃহস্পতিবার প্রজ্ঞাপন জারি করল কেন্দ্রীয় ব্যাংক।
 
প্রজ্ঞাপনে বলা হয়—ব্যাংকিং সময়সূচির পরে অর্থাত্ সন্ধ্যা ৬টার পর কর্মকর্তা-কর্মচারী বিশেষ করে মহিলা কর্মকর্তা বা কর্মচারীদের ব্যাংকে অবস্থানের জন্য বাধ্য করা যাবে না। বিশেষ প্রয়োজনে যদি কোনো মহিলা কর্মীকে ব্যাংকিং সময়সূচির পরেও ব্যাংকে অবস্থান করতে হয়, তবে তাদের উপযুক্ত নিরাপত্তা ও পারিশ্রমিক দিতে হবে।
 

প্রজ্ঞাপনে আরো বলা হয়েছে—ব্যাংক থেকে ইচ্ছামতো ঢালাওভাবে কর্মকর্তা-কর্মচারী ছাঁটাই বদ্ধ করতে হবে। নিয়োগের সময় পেশাদারিত্বের সাথে প্রার্থী যাচাই-বাছাই করতে হবে। নিয়োগকৃত কর্মকর্তা-কর্মচারীদেরকে প্রয়োজনীয় প্রশিক্ষণের মাধ্যমে উপযুক্ত করে গড়ে তুলতে হবে। এ ছাড়া, কর্মকর্তাদের চাকরিতে ইস্তফা, চাকরি থেকে বরখাস্ত বা অপসারণ এবং পরবর্তী আর্থিক সুবিধা প্রাপ্তির ক্ষেত্রে আন্তর্জাতিক শ্রমিক আইন, বাংলাদেশ শ্রম আইন-২০০৬ এবং সময়ে সময়ে বাংলাদেশ ব্যাংক থেকে দেয়া নির্দেশনা যথাযথভাবে পালন করতে হবে।