নরসিংদীতে ঝড়ে নৌকাডুবি: তিনজনের মৃত্যু

আপডেট : ২৮ মে ২০১৫, ২০:১৫
ঝড়ের কবলে পড়ে নরসিংদীর মেঘনায় নৌকা ডুবিতে ৩ জন নিহত এবং একই পরিবারের ৪ জনসহ ৬ জন যাত্রী নিখোঁজ হয়েছে। নিহতদের মধ্যে বায়েজিদ (২) নামে এক শিশুর নাম জানা গেছে। অপর নিহত ২ জনের নাম জানা যায় নি।
বৃহস্পতিবার দুপুরে এ নিহতের ঘটনা ঘটে।
 
জানা গেছে, নরসিংদী সদর উপজেলার পাইকারচর ইউনিয়নের পুরাণচর থেকে ৬০/৭০ জন যাত্রী নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা একই উপজেলার করিমপুর ইউনিয়নের মেঘনা তীরবর্তী বগারগোত গ্রামের উদ্দেশে রওনা দেয়। নৌকাটি দীর্ঘপথ পাড়ি দিয়ে বগারগোত এলাকার কাছাকাছি মেঘনা তীরের অদূরবর্তী স্থানে পৌঁছার পর উত্তর দিক থেকে ধেয়ে আসা প্রচণ্ড ঝড়ের কবলে পড়ে। এতে নৌকাটি বাতাসের তোড়ে উল্টে মেঘনার পানিতে ডুবে যায়। এসময় নৌকার যাত্রীরা পানিতে পড়ে চিৎকার করতে থাকে। অনেক যাত্রী সাঁতরে নদীর পাড়ে উঠতে সক্ষম হলেও নিখোঁজ থেকে যায় ৯ জন যাত্রী। ঝড় থামার পর আশে পাশের লোকজন ঘটনাস্থলে গিয়ে বায়েজিদসহ ৩ জন নিখোঁজ যাত্রীর লাশ উদ্ধার করে। বাকী ৬ জনের লাশ পাওয়া যায়নি। নিখোঁজদের মধ্যে একই পরিবারের ৪ জন সদস্য রয়েছে বলে জানা গেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিখোঁজ যাত্রীদের উদ্ধারের চেষ্টা চলছে। 
 
এ ব্যাপারে নরসিংদী সদর মডেল থানার ওসি কে এম আবুল কাশেম জানিয়েছেন, নৌকাডুবিতে একজনের লাশ পাওয়া গেছে। আরো ৬ জন যাত্রী নিখোঁজ রয়েছে।
 
বৃহস্পতিবার দুপুরে নরসিংদী জেলার উপর দিয়ে বয়ে যাওয়া প্রচণ্ড ঘূর্ণিঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। জেলার বিভিন্ন জায়গায় শতাধিক কাঁচা ঘর বাড়ি বিধস্ত হয়েছে। মওসুমী শাক-সবজির মাঁচা ভেঙ্গে পড়েছে। বড় বড় গাছ ভেঙ্গে পড়েছে। অনেক গাছের ডালপালা ভেঙ্গে গেছে। কলা বাগান, পেঁপে বাগানের ব্যাপক ক্ষতি হয়েছে। নরসিংদী পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙ্গে গেছে বিভিন্ন স্থানে।