কক্সবাজারের চকরিয়ায় দিনদুপুরে মামার হাতে আপন ভাগ্নে খুনের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টার দিকে চকরিয়া পৌর শহরের সমবায় মার্কেটের একটি দোকানের সামনে পরিবারের সদস্যদের সামনে ঘটটি ঘটে। এর পরপরই স্থানীয় লোকজন ধাওয়া করে ঘাতককে আটকের পর গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে।
প্রত্যক্ষদর্শী ও নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, চকরিয়া পৌরসভার ৯নং ওয়ার্ডের ভাঙ্গারমুখ পুকপুকুরিয়া রাজধানী পাড়ার সাহাব উদ্দিনের ছেলে মো. পারভেজ উদ্দিনের আগামী ১৫ জুন বিয়ের দিন ঠিক করা হয়। বিয়ের কেনাকাটা করতে বিকাল ৪টার দিকে মা মনোয়ারা বেগম, ভাই ও বোনেরা মিলে কেনাকাটার জন্য যান চকরিয়া উপ-শহরের সমবায় মার্কেটের মেসার্স পরীস্তান ক্লথ স্টোরে যান। সেখানে মামা নুরুল আলমের সাথে দেখা হয় তাদের। পরিবারের সদস্যরা ও প্রত্যক্ষদর্শীরা কোন কিছু বুঝে উঠার আগেই নুরুল আলম ধারালো অস্ত্র দিয়ে পারভেজকে জবাই করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঘটনার পর সহকারী পুলিশ সুপার মো. মাসুদ আলম ও চকরিয়া থানার ওসি (তদন্ত) কামরুল আজম ঘটনাস্থলে পৌঁছান।
চকরিয়া থানার ওসি (তদন্ত) কামরুল আজম জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ঘাতককে আটক করা হয়েছে। ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
