এবার নৌকায় প্রাণের শ্রমিককে গণধর্ষণ

আপডেট : ২৮ মে ২০১৫, ২১:২৩
গাজীপুরের কালীগঞ্জে জামালপুর ইউনিয়নের নারগানা খেয়াঘাট সংলগ্ন শীতলক্ষ্যা নদীতে প্রাণ কারখানার এক নারী শ্রমিক (১৮) নৌকার মধ্যে ৪ মাঝি দ্বারা গণধর্ষণের শিকার হয়েছেন বলে খবর পাওয়া গেছে। দেশের বিভিন্নস্থানে যখন বাস, ট্রাক ও বাইক্রোবাসে নারী ধর্ষণের ঘটনা ঘটে চলেছে কালীগঞ্জে তখন নৌকার মধ্যে ঘটল গণধর্ষণের ঘটনা। সারাদেশ যখন যৌন নিপীড়নকারীদের গ্রেফতার এবং বিচারের দাবিতে উত্তাল ঠিক সেই সময় এমন ঘটনায় স্তব্ধ উপজেলাবাসী। এ ঘটনায় বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় ২ ধর্ষকসহ ৩ জনকে আটক করেছে থানা পুলিশ।  
 
থানা সূত্রে জানা গেছে, বুধবার রাত সাড়ে ৯টায় পার্শ্ববর্তী পলাশ উপজেলার প্রাণ কারখানা ছুটি শেষে নৌকা যোগে নিজ বাড়ি ফেরার পথে নারগানা খেয়াঘাট এলাকার ৪ মাঝি তাকে শীতলক্ষ্যা নদীতে নৌকার মধ্যে উপর্যপুরি ধর্ষণ করে। 
 
ধর্ষণকারীরা হলেন- উপজেলার মোক্তাপুর গ্রামের রিপন মিয়ার ছেলে ফারুক মিয়া (২৮), রতন শেখের ছেলে শরীফ শেখ (২৫), খোরশেদ আলমের ছেলে ফাহিম মিয়া (২২) ও হেলাল উদ্দিনের ছেলে আলামিন হোসেন। এ ব্যাপারে ধর্ষিতা বাদী হয়ে কালীগঞ্জ থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। পরে থানার ওসির নেতৃত্বে পুলিশ উপজেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে ধর্ষক ফারুক ও শরীফকে আটক করেন। এছাড়া ধর্ষক আলামিনের ভাই রনিকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে আসেন। 
 
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মুস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনার সাথে জড়িতদের মধ্য ২ ধর্ষককে আটক করা হয়েছে। এছাড়া জিজ্ঞাসাবাদের জন্য ধর্ষক আলামিনের ভাই রনিকেও আটক করা হয়েছে। বাকিদের আটকের জন্য অভিযান অব্যাহত রয়েছে।