ছাতকে ১০ হাজার নলকূপে আর্সেনিক

আপডেট : ২৯ মে ২০১৫, ০০:২৭

ছাতক উপজেলায় প্রায় ৪৪ হাজার গভীর ও অগভীর নলকূপের মধ্যে ১০ হাজার নলকূপে রয়েছে আর্সেনিক। এর মধ্যে ১২শ’ নলকূপে রয়েছে মাত্রাতিরিক্ত আর্সেনিক। সর্বশেষ ২০০৩ সালের জরিপ থেকে এ তথ্য পাওয়া গেছে। ২০০৩ সালের পর গত ১২ বছরে আর্সেনিকের ওপর আর কোন জরিপ হয়নি।

 
উপজেলার ১৩টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ব্যক্তি মালিকানায় প্রায় ৪০ হাজার এবং সরকারিভাবে স্থাপিত ৩ হাজার ৫৭৫টি নলকূপ রয়েছে। সরকারিভাবে আর্সেনিকের উপস্থিতি যাচাইয়ের মাধ্যমে উপজেলায় ১০ হাজার ২৬৭টি নলকূপে আর্সেনিক চিহ্নিত করা হয়। অকেজো ঘোষণা করা হয়েছে ৬৩৯টি নলকূপ।
 

উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সূত্রে জানা যায়, পৌর শহরে ১ হাজার ৬৭৫টি নলকূপের মধ্যে মাত্রাতিরিক্ত আর্সেনিক রয়েছে ৩৪২টিতে। ছাতক সদর ইউনিয়নের ২৭৮টি নলকূপের মধ্যে মাত্রাতিরিক্ত আর্সেনিক রয়েছে ১৪টি নলকূপে। উপজেলার ১৩টি ইউনিয়নের মধ্যে নোয়ারাই ইউনিয়নের মধ্যে সবচেয়ে বেশি আর্সেনিকযুক্ত নলকূপ রয়েছে। এ ইউনিয়নে ২ শতাধিক নলকূপে রয়েছে মাত্রাতিরিক্ত আর্সেনিক।