গাজীপুরের কালীগঞ্জে জামালপুর ইউনিয়নের নারগানা খেয়া ঘাট সংলগ্ন শীতলক্ষ্যা নদীতে প্রাণ কারখানার এক নারী শ্রমিক (১৮) নৌকার মধ্যে ৪ মাঝি দ্বারা গণধর্ষনের শিকার হয়েছে বলে খবর পাওয়া গেছে। দেশের বিভিন্নস্থানে যখন বাস, ট্রাক ও মাইক্রোবাসে নারী ধর্ষণের ঘটনা ঘটে চলেছে কালীগঞ্জে তখন নৌকার মধ্যে ঘটল গণধর্ষণের ঘটনা। এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় ২ ধর্ষকসহ ৩ জনকে আটক করেছে থানা পুলিশ।
থানা সূত্রে জানা যায়, গত বুধবার রাত সাড়ে ৯টায় পার্শ্ববর্তী পলাশ উপজেলার প্রাণ কারখানা ছুটি শেষে নৌকাযোগে নিজ বাড়ী ফেরার পথে নারগানা খেয়া ঘাট এলাকার ৪ মাঝি তাকে শীতলক্ষ্যা নদীতে নৌকার মধ্যে উপর্যপুরি ধর্ষণ করে। ধর্ষণকারীরা হচ্ছে- উপজেলার মোক্তাপুর গ্রামের রিপন মিয়ার ছেলে ফারুক মিয়া (২৮), রতন শেখের ছেলে শরীফ শেখ (২৫), খোরশেদ আলমের ছেলে ফাহিম মিয়া (২২) ও হেলাল উদ্দিনের ছেলে আলামিন হোসেন। এ ব্যাপারে ধর্ষিতা বাদি হয়ে কালীগঞ্জ থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। পরে থানার ওসির নেতৃত্বে পুলিশ উপজেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে ধর্ষক ফারুক ও শরীফকে আটক করেন।
