দিনাজপুরে বেইলি বিজ্র ভেঙ্গে ৪ টি যানবাহন নদীতে

আপডেট : ২৯ মে ২০১৫, ১৭:১৩


দিনাজপুর-ঢাকা মহাসড়কের আমবাড়ী এলাকায় ইছামতি নদীর বেইলী বিজ্র ভেঙ্গে ট্রাক ও বাসসহ চারটি যানবাহন নদীতে পড়ে গেছে। এতে আহত হয়েছে অন্তত ১৫ জন। ফলে দিনাজপুর-ঢাকা মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে। ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট উদ্ধার কাজ করছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে ওই এলাকার নদীর বেইলি ব্রিজ ভেঙ্গে ২টি পাথরের ট্রাক, একটি ট্রাক্টর পড়ে যায়। পরে আংশিক ঝুলে থাকা হানিফ পরিবহনের একটি বাসও সেখানে পড়ে যায়। খবর পেয়ে রাতেই ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। তবে আজ শুক্রবার সকাল ১০টা পর্যন্ত উদ্ধার কাজ শেষ করতে পারেনি তারা। এদিকে যানবাহনগুলো উদ্ধারের জন্য রংপুর থেকে ক্রেন আনা হয়েছে।
 
দিনাজপুর মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক ফজলে রাব্বী জানিয়েছেন, চট্রগ্রামগামী হানিফ পরিবহনের একটি যাত্রীবাহি কোচ ব্রিজ অতিক্রমের সময় বিপরিত দিক থেকে আসা মাল বোঝাই ট্রাকের ভারে বেইলি ব্রিজটি ভেঙ্গে ট্রাকটি নদীতে পড়ে যায়।

এদিকে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, ক্রেনের অভাবে উদ্ধার কাজ বিলম্বিত হচ্ছে।

দিনাজপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী জানান, যানবাহনগুলো উদ্ধারকাজ শেষে হলেও ব্রিজ মেরামত করতে কমপক্ষে ১০/১২ দিন সময় লাগবে। ব্রিজ মেরামত না করা পর্যন্ত বিকল্প পথ ব্যবহার করার আহ্বান জানান তিনি।