পাবনার সাঁথিয়ায় সড়ক দুঘর্টনায় মুক্তি তারা (২৫) নামে এক এনজিও কর্মীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো দুইজন। শুক্রবার সকাল ৯টার দিকে সাঁথিয়া পৌরসভার দৌলতপুর ব্রিজের উপর এই দুর্ঘটনা ঘটে।
আহতদের মধ্যে সীমা খাতুন (২৭) নামে একজনের পরিচয় পাওয়া গেছে। হতাহতরা স্থানীয় ব্র্যাক অফিসের কর্মী।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে ঐ তিনজন মোটরসাইকেলে করে যাচ্ছিলেন। মোটরসাইকেলটি দৌলতপুর ব্রিজের উপরে পৌঁছুরে মালবাহী একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে মুক্তি তারা ঘটনাস্থলেই নিহত হন। অপর দুইজনকে গুরত্বর আহত অবস্থায় পাবনা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সাঁথিয়া থানার ওসি সাহেদ মাহমুদ খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় ঘাতক ট্রাক চালককে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।
