রাজশাহীতে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ, নিহত ১

আপডেট : ২৯ মে ২০১৫, ১২:০০
 
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রাজশাহীতে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত ১১টার দিকে শহরের মালোপাড়া পুলিশ ফাঁড়ির সামনে এই ঘটনা ঘটে। নিহতের নাম জীবন শেখ। তার বাড়ি নগরীর রাজারহাতারে।
 
মহানগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার ইফতে খায়ের আলম জানান, রাতে রাজশাহী সিটি কলেজ ছাত্রলীগ সভাপতি রবিনের সমর্থকদের সঙ্গে বোয়ালিয়া থানা আওয়ামী লীগের সভাপতি আতিকুর রহমান কালুর ছেলে ও নগর ছাত্রলীগ নেতা তুহিনের সমর্থকদের সংঘর্ষ হয়।
 
জানা গেছে, কলেজে আধিপত্য নিয়ে রবিন ও তুহিনের মধ্যে বিরোধের জেরে গতকাল বিকালে রবিন ফোন করে তুহিনকে ডেকে নিয়ে লোহার পাইপ দিয়ে মারধর করে। এ ঘটনায় তুহিনের বাবা থানায় গিয়ে রবিনের বিরুদ্ধে অভিযোগ করে আসেন।
 
রাতে সমর্থকদের রবিন রানীবাজার মোড়ে তুহিনের বাবার কার্যালয় ও মোটরসাইকেল ভাঙচুর করে। এসময় হামলায় তুহিনের বড় ভাই তুষারসহ হয়েকজন আহত হন।
 
পরে রাত ১১টার দিকে তুহিন তার সমর্থকদের নিয়ে রবিন ও তার সমর্থকদের উপর হামলা চালায়। এ সময় তাদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও গোলাগুলি হয়। এতে জীবন নামে এক ছাত্রলীগ কর্মী গুলিবিদ্ধ হন। তাকে উদ্ধার করে স্থানীয়রা হাসপাতালে নিয়ে গেলে চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।
 
মহানগরের বোয়ালিয়া থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) মাহমুদুর রহমান জানান, ঘটনার পর রাণীবাজার এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।