কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে তিন মানবপাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার সকালে উপজেলার বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- টেকনাফের হারিয়াখালী গ্রামের গুরা মিয়ার ছেলে তালিকাভুক্ত মানবপাচারকারী আবুল কালাম (৩৫), কাটাবনিয়া গ্রামের কালু মিয়ার ছেলে মোহাম্মদ হোসেন (৩০) ও একই এলাকার মৃত আব্দুল কাদেরের ছেলে গফুর (২৬)।
টেকনাফ মডেল থানার ওসি মো. আতাউর রহমান খোন্দকার জানান, গোপন সংবাদ পেয়ে পুলিশের দুইটি টিম টেকনাফের হারিয়াখালী ও কাটাবনিয়া এলাকায় অভিযান চালিয়ে ওই তিনজনকে গ্রেফতার করে।
তিনি আরো জানান, মানবপাচারকারীদের তালিকায় গ্রেফতারকৃতদের নাম রয়েছে। থানায় তাদের বিরুদ্ধে মানবপাচারের মামলাও রয়েছে এবং সাগরপথে অবৈধভাবে মালয়েশিয়ায় মানবপাচারের সাথে জড়িত। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
