ভারত বাঁচাতে বিজেপির বিরুদ্ধে একজোট হতে হবে : মমতা

আপডেট : ২০ নভেম্বর ২০১৮, ০০:৪৯

ভারতের অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর সঙ্গে বৈঠকের পর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন, দেশের স্বার্থে জোট নিয়ে আলোচনা হয়েছে। ভারত বাঁচাতে নরেন্দ্র মোদির বিজেপির বিরুদ্ধে একজোট হতে হবে বিরোধীদের। গতকাল সোমবার পশ্চিমবঙ্গের প্রশাসনিক ভবন নবান্নে বৈঠকের পর মমতা ব্যানার্জি একথা বলেন।

তিনি বলেন, অরবিন্দ কেজরিয়াল সমস্যায় পড়েছিলেন, তখন একসঙ্গে গিয়েছিলাম। আমরা একসঙ্গে কাজ করছি। বিজেপি সরকারের বিরুদ্ধে একজোট আমরা। দেশ বাঁচাতে হবে। ১৯ জানুয়ারি কলকাতায় আমাদের সভায় সবাই আসছেন। ডিসেম্বরে বিরোধী জোটের বৈঠক হবে। ভোটের প্রচারের ব্যস্ততা শেষ হলে বৈঠক করে ভবিষ্যত্ কর্মপন্থা নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

বৈঠক শেষে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী বলেন, মমতার সঙ্গে দেখা করতে এখানে এসেছি। দীর্ঘদিনের নেতা হিসেবে আমাদের একটা দায়িত্ব আছে। দেশ বাঁচাতে হবে। গণতন্ত্র বাঁচাতে হবে। সাংবিধানিক প্রতিষ্ঠানগুলিকে বাঁচাতে হবে। সিবিআই, ইডি, আয়কর বিভাগ, আরবিআই- প্রতিটি প্রতিষ্ঠান বিপদের মুখে। মুদ্রাস্ফীতি ও পেট্রোল ডিজেলের দাম লাগামহীন। বাড়ছে অসহিষ্ণুতা। মুসলিমরা আতঙ্কিত। পরের লোকসভা অধিবেশনের আগেই আমাদের এক হতে হবে।

১৯ জানুয়ারি কলকাতায় তৃণমূলের সমাবেশ। সেখানে হাজির থাকারও আশ্বাস দেন চন্দ্রবাবু নাইডু। তিনি জানান, ঐ বৈঠকেই ঠিক হবে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের রূপরেখা।