বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার মধ্যম তেলিগাতী গ্রামে দশম শ্রেণির এক ছাত্রী ধর্ষিত হয়েছে। এ ঘটনায় ছাত্রীর পিতা মো. এনসান শেখ শুক্রবার সকালে থানায় মামলা করেছেন। পুলিশ ওই ছাত্রীর স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে বাগেরহাট সদর হাসপাতালে পাঠিয়েছে। স্বাস্থ্য পরীক্ষা শেষে আদালতে ছাত্রীর জবানবন্দি গ্রহণ করা হবে বলে পুলিশ জানিয়েছে। এ ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
এলাকাবাসী ও মামলা সূত্রে জানা গেছে—বৃহস্পতিবার বিকেলে প্রাইভেট পড়ে বাড়ি ফিরছিল ওই ছাত্রী। এ সময় একই গ্রামের সরোয়ার শেখের ছেলে মামুন শেখ (২২) তাকে জোর করে বাড়ির মধ্যে নিয়ে ধর্ষণ করে। পরে রান্না ঘরে আটকে রেখে পালিয়ে যায়। ছাত্রীর চিত্কারে স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে। খবর পেয়ে পুলিশ ছাত্রীকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। পুলিশ ধর্ষণে সহযোগিতা করার অভিযোগে মামুনের ছোট ভাই মিঠু শেখকে (১৮) গ্রেফতার করেছে। মেয়েটি বলেছে—তাকে ধর্ষণের সময় মিঠু উচ্চস্বরে মিউজিক বাজিয়ে তার বড় ভাইকে সহযোগিতা করে।
