‘যাকনা নিশি গানে গানে’ শীর্ষক অনুষ্ঠান

নিউইয়র্কের শিল্পী কাবেরী দাশ ও সেলিমা আশরাফকে সম্মাননা

আপডেট : ৩০ মে ২০১৫, ১১:৩২


বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে নিউইয়র্কের নজরুল একাডেমি উডসাইডের গুলশান টেরেসে শুক্রবার রাতে ‘যাকনা নিশি গানে গানে’ শীর্ষক এক অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে নিউইয়র্কে দুজন বিশিষ্ট সঙ্গীত শিল্পী 'সঙ্গীত পরিষদের' সভাপতি কাবেরী দাশ এবং বিপার অন্যতম প্রতিষ্ঠাতা সেলিমা আশরাফকে সম্মাননা জানানো হয়।

অনুষ্ঠানে তাদের জীবনী পড়ে শোনান রুবিনা রহমান। অনুষ্ঠানে তাদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন নজরুল একাডেমির উপদেষ্টা কিউ জামান এবং স্ট্যান্ডার্ড এক্সপ্রেসের সিইও আব্দুল মালেক।

নজরুল একাডেমি নিউইয়র্কের সভাপতি ও প্রবীণ সাংবাদিক মনজুর আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক শাহ আলম দুলাল। অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন ডানা ইসলাম ও মৃদুল আহমেদ।

অনুষ্ঠানে সাংস্কৃতিক পর্বে কাবেরী দাশের পরিচালনায় সমবেত কণ্ঠে নজরুল সঙ্গীত পরিবেশন করেন বিভিন্ন শিল্পীরা। একক সঙ্গীত পরিবেশন করেন ডানা ইসলাম, লিটন চৌধুরী, লিমন চৌধুরী, সোমা রহমান, শাহীন খান, শামীমা হোসেন স্নিগ্ধা, রিজিয়া ইসলাম, ফরহাদ আদনান, নার্গিস রহমান, আনোয়ারা আমান, রুখসান আরা, শারমিন আশরাফ। এছাড়া অতিথি হিসাবে বিশেষ সঙ্গীত পরিবেশন করেন কাবেরী দাশ ও সেলিমা আশরাফ।
অনুষ্ঠানে একক নৃত্যৃ পরিবেশন করেন বাফার শিল্পী মার্জিয়া স্মৃতি ও ফারদিনা ইউসূফ এবং আবৃত্তি শোনান প্রবাসের জনপ্রিয় আবৃত্তিকার মুমু আনসারী ও গোপন সাহা।

বিপুলসংখ্যক নজরুলপ্রেমী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং সুধীজনেরা প্রাণবন্ত এ অনুষ্ঠানটি দারুণ উপভোগ করেন।