যশোর বোর্ডে পাসের হার ও জিপিএ-৫ কমেছে

আপডেট : ৩০ মে ২০১৫, ১৪:৫৯


চলতি বছর এসএসসি পরীক্ষায় যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তি দুটোই কমেছে। গত বছরের তুলনায় পাসের হার ৮ শতাংশ এবং জিপিএ-৫ প্রাপ্তি এক-তৃতীয়াংশ কমে গেছে। শনিবার এসএসসি পরীক্ষার এই ফলাফল প্রকাশ করা হয়েছে।  

যশোর বোর্ড সূত্র জানায়, চলতি ২০১৫ সালে যশোর বোর্ড থেকে ১ লাখ ২৮ হাজার ১৭৫ জন পরীক্ষার্থীর মধ্যে ১ লাখ ৭ হাজার ৬৯৮ জন উত্তীর্ণ হয়েছে। পাসের হার ৮৪ দশমিক ০২ ভাগ। এ বছর জিপিএ-৫ পেয়েছে ৭ হাজার ১৮১ জন শিক্ষার্থী। অথচ গত বছর এই বোর্ড থেকে ১ লাখ ২৯ হাজার ১৮৩ জন পরীক্ষার্থীর মধ্যে ১ লাখ ১৯ হাজার ৯৭ জন উত্তীর্ণ হয়েছিল। পাসের হার ছিল ৯২ দশমিক ১৯ ভাগ। ২০১৪ জিপিএ-৫ পেয়েছিল ১০ হাজার ৯৪৪ জন শিক্ষার্থী। স্মরণকালের মধ্যে ২০১৪ সালেই যশোর বোর্ড শ্রেষ্ঠ ফলাফল অর্জন করেছিল।

আর যশোর শিক্ষা বোর্ডের সেরা ২০ শিক্ষা প্রতিষ্ঠানের শীর্ষস্থান ধরে রেখেছে ঝিনাইদহ ক্যাডেট কলেজ। গত বছরও তারা শীর্ষস্থানে ছিল। তবে অভাবনীয় উন্নতি করে যশোর পুলিশ লাইন স্কুল এবার বোর্ডে দ্বিতীয় স্থানে উঠে এসেছে। গত বছর এ স্কুল ৪র্থ ও ২০১৩ সালে ৭ম অবস্থানে ছিল। তাদের ৯০ জন শিক্ষার্থীর সবাই উত্তীর্ণ হয়েছে, জিপিএ-৫ পেয়েছে ৮১ জন। এ স্কুলের পয়েন্ট ৮৬ দশমিক ৩৮।

যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মাধব চন্দ্র রুদ্র জানিয়েছেন, পরীক্ষা চলাকালে হরতাল-অবরোধ এবং গণিতের সৃজনশীল প্রশ্নের কারণে ফলাফলের এ পরিস্থিতি সৃষ্টি হয়েছে।