স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, মালয়েশিয়া নিয়ে যাবার কথা বলে যারা সাধারণ মানুষের জীবনকে ঝুঁকির মধ্য ফেলেছে তাদের ছাড় দেয়া হবে না। অবৈধ পথে মানবপাচারের সাথে যারা জড়িত তাদের শাস্তি পেতেই হবে।’
শনিবার দুপুরে সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে আয়োজিত জেলা আইন শৃঙ্খলার সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী বলেন, ‘মালয়েশিয়া নিয়ে যাবার কথা বলে অপহরণ করে যারা অর্থ আদায়সহ অনেককে হত্যা করেছে, তাদের খুঁজে বের করা হবে। একই সাথে শুধু দেশের মানুষই নয়, বিদেশি পাচারকারীরাও এই পাচারের সাথে জড়িত। জাতিসংঘসহ আর্ন্তজাতিক মানবাধিকার সংস্থাও এ বিষয়টি নিয়ে খতিয়ে দেখছে। তাদের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ করা হবে।’
মোহাম্মদ নাসিম বলেন, ‘সিরাজগঞ্জের প্রায় সব অঞ্চল থেকেই সাধারণ মানুষকে ট্রলারে করে নিয়ে যাওয়া হয়েছে। আইনের চোখ এড়িয়ে যারা এই অমানুষিক কাজ করেছে, এই নরপশুদের আটক করে আইনের আওতায় আনা হবে।’
স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক তন্ময় দাসের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন—সাবেক মত্স্য ও প্রাণিসম্পদ মন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল লতিফ বিশ্বাস, সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না, জেলা পুলিশ সুপার এস এম এমরান হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু মোহাম্মদ গোলাম কিবরিয়া, সদর উপজেলা চেয়ারম্যান রিয়াজ উদ্দিন, উল্লাপাড়া উপজেলা চেয়ারম্যান মারুফ বিন হাবিব, জেলা সিভিল সার্জন ডাঃ শামসুদ্দিন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার গাজী শফিকুল ইসলাম শফি প্রমুখ।
