সড়ক বিভাগের জমি দখল করে মার্কেট নির্মাণ

আপডেট : ৩১ মে ২০১৫, ০৯:৪৬


চকরিয়া উপজেলার একতাবাজারের বরইতলী নতুন রাস্তার মাথা এলাকার পূর্ব পাশে স্থানীয় একটি প্রভাবশালী দখলবাজ চক্র সড়ক বিভাগের অধিগ্রহণকৃত কোটি টাকা মূল্যের জমি জবর দখলে নিয়েছে। উক্ত জমিতে একাধিক বাণিজ্যিক মার্কেট নির্মাণ করছে বলে অভিযোগ উঠেছে। গত এক মাস ধরে দখলবাজরা দিনে-রাতে নির্মাণ কাজ অব্যাহত রেখেছে।

চকরিয়া সড়ক ও জনপথ উপ-বিভাগের সহকারী প্রকৌশলী (এসও) মো. শহিদুল ইসলাম বলেন, মার্কেট নির্মাণের সময় আমাদের পক্ষ থেকে দখলবাজদের বাধা দেয়া হয়। এরপরও দখলবাজরা দাপট দেখিয়ে সেখানে এসব বাণিজ্যিক মার্কেট নির্মাণ করেন। এ অবস্থার প্রেক্ষিতে আমরা (সড়ক বিভাগ) গত ২২ মে ওই এলাকার ৯ জন দখলবাজকে এক সপ্তাহের মধ্যে সওজের জায়গা থেকে অবৈধ স্থাপনাসমূহ সরিয়ে নিতে নোটিস দেয়া হয়েছে। স্থাপনাগুলো সরিয়ে না নিলে পরে সড়ক বিভাগ অভিযান চালিয়ে এসব স্থাপনা উচ্ছেদ করবে।

কক্সবাজার সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী রানাপ্রিয় বড়ুয়া বলেন, সড়ক বিভাগের জায়গায় যে সব অবৈধ স্থাপনা নির্মাণ হয়েছে পর্যায়ক্রমে সব স্থাপনাই উচ্ছেদ করা হবে।