জেলার সোনারগাঁও উপজেলায় একটি ভবনের সেপটিক ট্যাংকের বিষক্রিয়া ও ট্যাংক ধসে পড়ে তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও সাতজন।
রবিবার দুপুরে উপজেলার নানাখি মধ্যপাড়া এলাকায় এ হতাহতের ঘটনা ঘটে। নিহতদের মধ্যে দুইজন মামা ও ভাগিনা। নিহতরা হলেন- নানাখী মধ্যপাড়া এলাকার আলমগীর হোসেনের ছেলে সাব্বির (৮), সাব্বিরের মামা ওসমান গনি (৩৪) ও স্থানীয় ইউপি মেম্বার আবুল কাশেম মেম্বারের ছেলে শাহজালাল (৩৬)।
জানা গেছে, নানাখি মধ্যপাড়া এলাকার আহমদ আলীর বাড়ির ছাদের পাশের আম গাছ থেকে সেপটিক ট্যাংকে পড়ে যাওয়া একটি আম কুড়াতে যায় সাব্বির। এ সময় সাব্বির ট্যাংকের ভেতরে পড়ে গেলে তাকে উদ্ধারে এগিয়ে গিয়ে মামা ওসমান গনি ট্যাংকের ভেতরে চাপা পড়েন। পাশের নির্মাণাধীন ভবনে থাকা শাহজালালও ওই দুইজনকে উদ্ধারে এগিয়ে গিয়ে ট্যাংকের ধসে পড়া অংশের নিচে চাপা পড়েন। এ সময় ট্যাংকের বিষক্রিয়ায় ওই তিনজন ঘটনাস্থলেই মারা যান।
এদিকে নিহতদের সেপটিক ট্যাংক থেকে উদ্ধার করতে গিয়ে সোহেল, রহিম, মানিকসহ সাতজন আহত হয়েছেন। আহতদের স্থানীয় বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়েছে।
সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ্ মো. মঞ্জুর কাদের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
