কুমিল্লায় এক মা তার পুত্রকে দা দিয়ে কুপিয়ে নির্মমভাবে হত্যা করেছেন। জেলার বরুড়া উপজেলার ঝানোরা গ্রামে এ ঘটনা ঘটে। রবিবার কুমিল্লা মেডিক্যাল কলেজ (কুমেক) হাসপাতালে জসিম উদ্দিনের (৩৫) মৃত্যু হয়েছে। নিহত জসিম উদ্দিন ওই গ্রামের মৃত আবদুল মালেকের পুত্র।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত জসিম উদ্দিন পেশায় কাঠ মিস্ত্রি ছিলেন। মাঝে মধ্যে তার মানসিক সমস্যা দেখা দিলে তিনি পরিবারের লোকজনকে মারধর করতেন। গত শনিবার রাতে তার মানসিক সমস্যা দেখা দিলে তাকে বেঁধে রাখা হয়। মধ্যরাতে জসিম উদ্দিনের চিৎকার শুনে প্রতিবেশীরা গিয়ে দেখেন রক্তাক্ত দা হাতে তার মা জাহানারা বেগম (৫৫) দাঁড়িয়ে আছেন। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তির পর রবিবার ভোরে তিনি মারা যান।
এদিকে রবিবার সকালে স্থানীয়রা নিহতের মা জাহানারা বেগমকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। জাহানারা বেগমের ১ ছেলে ৩ মেয়ের মধ্যে নিহত জসিম উদ্দিন সবার বড়। জসিম উদ্দিনের স্ত্রী ও ৩ মেয়ে রয়েছে।
বরুড়া থানার ওসি নাসির উদ্দিন মৃধা জানান, নিহতের লাশ দুপুরে ময়নাতদন্তের পর পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। আটক নিহতের মা জাহানারা বেগম নিজ হাতে তার পুত্রকে কুপিয়ে হত্যার কথা স্বীকার করেছেন। নিহত জসিম উদ্দিনের স্ত্রী সামছুন্নাহার বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেছেন।
