কুমিল্লায় হত্যা মামলায় একজনের ফাঁসি ও পাঁচজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
রবিবার দুপুরে কুমিল্লার অতিরিক্ত দায়রা জজ ৪র্থ আদালতের বিচারক চমন চৌধুরী এ রায় প্রদান করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি কুমিল্লার দেবিদ্বার উপজেলার এলাহাবাদ গ্রামের জাহাঙ্গীর আলম। যাবজ্জীবনপ্রাপ্ত আসামিরা হলেন- একই উপজেলার এলাহাবাদ গ্রামের ফয়েজ আহমেদ ওরফে জালাল, শামীমুজ্জামান বাবু, এমদাদুল হক, নাজমুল হোসেন ও রফিকুল ইসলাম। যাবজ্জীবন প্রাপ্তদের প্রত্যেকের ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেয়া হয়। আসামিদের মধ্যে এমদাদুল হক ও নাজমুল হোসেন ছাড়া অন্যরা পলাতক রয়েছেন।
আদালত ও মামলার অভিযোগপত্র সূত্রে জানা গেছে, ২০০১ সালের ১০ আগস্ট সকাল সাড়ে ৮টার দিকে কুমিল্লার দেবিদ্বার উপজেলার এলাবাহাবাদ বাজারে জমিসংক্রান্ত বিরোধের জের ধরে দুইপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে প্রতিপক্ষের হামলার শিকার হয়ে এলাহাবাদ গ্রামের দুই ভাই সামছুল হক ও আনোয়ার হোসেন গুরুতর আহত হন। তাদের মধ্যে আনোয়ার হোসেন মারা যান। এ ঘটনায় ওইদিন সন্ধ্যায় দেবিদ্বার থানায় স্থানীয় জাহাঙ্গীর আলমসহ ১২ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন নিহতের পুত্র শাহাদাত হোসেন। মামলার তদন্তকারী কর্মকর্তা ২০০২ সালের ৩০ এপ্রিল ১২ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র (চার্জশীট) দাখিল করেন। ৩১ জন সাক্ষীর মধ্যে ১৬ জনের সাক্ষ্য গ্রহণ করেন আদালত। মামলায় ১২ জন আসামির মধ্যে ৬ জনকে খালাস দেয়া হয়। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাড. রেজ্জাকুল ইসলাম খসরু ও আসামিপক্ষে আইনজীবী ছিলেন অ্যাড. হারুন-অর রশিদ।
